Wednesday, February 3, 2016

জ্বালানি তেলের দাম না কমানোর ইঙ্গিত

 আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সহসাই দেশে জ্বালানি তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলেও সরকার লাভবান হচ্ছে না। প্রায় ৩২ হাজার কোটি টাকার দেনা পরিশোধ করছে মাত্র। গত বছর জ্বালানি তেল বাবদ ১০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত পেয়েছি। সেখান থেকে সাত হাজার কোটি টাকা চারটি ব্যাংকের দেনাসহ ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে। এরপরও দুই থেকে আড়াই হাজার কোটি টাকা দেনা রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীর এ সংক্রান্ত বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যখন তেলের দাম অতিরিক্ত ছিল তখন কিন্তু সরকার ভর্তুকি দিয়েই সবাইকে তেল সাপ্লাই দিয়েছে। নসরুল হামিদ বলেন, পেট্রোলের ব্যবহার কমেছে। কারণ অধিকাংশ গাড়ি এখন সিএনজিতে চলে। দেশে আমরা ২ লাখ ৮০ হাজার টন পেট্রোল উৎপন্ন করতে পারি, সেখানে এখন এক লাখ ২০ হাজার টন উৎপন্ন করছি।
প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা সিএনজি গ্যাসটা শিল্পে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের চাকরির পরিমাণ বৃদ্ধি পাবে। বৈদেশিক টার্নিংও বাড়বে। তবে বেশ কিছু দিন ধরে গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। এখন আপাতত সেই সমস্যা নেই। বাসা-বাড়িতে এখন গ্যাস নিয়মিত হয়ে গেছে। কিন্তু যেভাবে আমাদের গ্যাসের ব্যবহার বাড়ছে তাতে মাত্র ১২ বছর চলবে। যদি নতুন আবিষ্কৃত গ্যাস পাইপলাইনে না আসে তাহলে আমাদের মজুদকৃত গ্যাস এর মধ্যেই শেষ হয়ে যাবে।  তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত একটি পাইপলাইন যদি করতে পারি, তাহলে বছরে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আমরা সাশ্রয় করতে পারব। হরতালে ট্রাক, যানবাহন ও নৌযান বন্ধ থাকে। কিন্তু পাইপলাইন থাকলে তখনও কোনো সমস্যা থাকবে না। আর ভেজাল থেকেও আমরা তেলকে রক্ষা করতে পারব।

No comments:

Post a Comment