Thursday, February 18, 2016

স্প্যানিশ লা লিগায় মেসির রেকর্ড

স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে মেসির জোড়া গোল এবং লুইস সুয়ারেজের এক গোলে পূর্ণ পয়েন্ট অর্জন করল লুই এনরিকের শিষ্যরা। এদিকে বুধবারের ম্যাচের মাধ্যমে ৩০০ গোলের রেকর্ড করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লা লিগায় এই প্রথম কোনো খেলোয়াড় ৩০০ গোল করার মাইলস্টোন স্পর্শ করলেন। গত সপ্তাহে সেলটা ভিগোর বিপক্ষেই এ মাইলফলক স্পর্শ করতে পারতেন মেসি। তবে পেনাল্টি কিক সরাসরি গোলে না মেরে সতীর্থ সুয়ারেজকে দিয়ে গোল করান। বার্সেলোনার হয়ে তিনশো গোলের মালিক হতে দশ বছরের মতো সময় লাগলো মেসির। এই ক্লাবের হয়ে তার প্রথম গোলটি ছিল ২০০৫ সালে, আলবাসেটের বিপক্ষে একটি ম্যাচে। বুধবার খেলার ২৫ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন মেসি। তবে কাতালানদের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি।
২৭ মিনিটেই গোল পরিশোধ করেন কার্লোস কাস্ট্রো। তবে ৩১ মিনিটেই ফের বার্সা সমর্থকদের আনন্দে ভাসান মেসি। দলের দ্বিতীয় এবং লা লিগায় নিজের ৩০১ নম্বর গোলটি করেন তিনি। ২-১ এ এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসি-নেইমাররা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এনরিকের শিষ্যরা। তবে ৬৭ মিনিটে গোলের দেখা পান উরুগুয়েন স্ট্রাইকার লু্ইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মেসি-নেইমাররা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

No comments:

Post a Comment