Saturday, February 6, 2016

খালেদার বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে তার বাসা ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা। শনিবার সকালে বনানী মাঠ থেকে মিছিলসহ খালেদা বাড়ির অভিমুখে রওয়ানা দিলে গুলশান-২ গোল চত্বরে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের থামিয়ে দেয়। এসময় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ সাত দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ঘেরাও করতে বনানী মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা। ঘেরাওয়ে নেতৃত্ব দেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আরাফাত এ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান নুজহাত এ চৌধুরী, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন মোশাররফ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ব্যারিস্টার শেখ নাঈম,
গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেসবাহ।
গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেসময় তিনি বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’
এই বক্তব্যের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে সমন জারি করা হয়েছে।

No comments:

Post a Comment