Thursday, February 18, 2016

ইসলামাবাদে বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান

পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে তারিক আহসানকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারিক আহসান বর্তমান হাইকমিশনার সোহরাব হোসেইনের স্থলাভিষিক্ত হলেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের এ কর্মকর্তা শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক এ শিক্ষার্থী কর্মজীবনে নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক সংস্থাসমূহের (আইও) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানে নিয়োজিত বর্তমান হাই কমিশনার সোহরাব হোসেন চুক্তি ভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান বিরুপ প্রতিক্রিয়া দেখালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মারাত্মক অবনতি হয়। এর মধ্যেই সোহরাব হোসেনের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ।
তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মইত্রিপালা সিরিসেনা ১৬ থেকে ১৮ মার্চ বাংলাদেশ সফর করার কথা থাকায় এখনই পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে পারছেন না তারিক আহসান। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফর শেষ হলে সোহরাব হোসেন পাকিস্তান থেকে দেশে ফিরবেন। তারপর তারিক আহসান ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে যোগ দিবেন।
এদিকে পাকিস্তানে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলন ঘিরে প্রস্তুতির লক্ষ্যে আগেভাগেই নতুন হাই কমিশনার তারিক আহসানকে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment