Thursday, February 18, 2016

নড়াইলে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার একশ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের আমলী আদালতের বিচারক হারুন অর রশিদের এজলাসে এ মামলা দায়ের করা হয়। লোহাগড়া উপজেলার বিগলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. অহিদুর রহমান মামলাটি দায়ের করেন।  আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লোহাগড়া থানার ওসিকে ১৬ মার্চের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, সম্পাদক মাহফুজ আনাম এক-এগারো সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এতে রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুণ্ন হয়। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে এক-এগারোর তত্বাবধায়ক সরকারের আমলে সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয় স্বীকার করেন মাহফুজ আনাম। এর পর তার বিরুদ্ধে গত দশদিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় প্রায় ৮২ হাজার ৮০০ কোটিরও অধিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বৃহস্পতিবার নড়াইল ছাড়াও লালমনিরহাটে একশ, মাদারীপুর ও চাঁদপুরে দশ কোটি করে মানহানি মামলা দায়ের করা হয়।

No comments:

Post a Comment