Friday, February 12, 2016

লবণের দামে আগুন

রান্নার অত্যাবশকীয় উপাদান লবণের দামে রীতিমত আগুন লেগেছে। খুচরা বাজারে প্রতিকেজি লবণে এক সপ্তাহের ব্যবধানের দাম বেড়েছে ১০ টাকা। ব্যবসায়িদের দাবি, আমদানির উপর বাধা এবং বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় লবণের দাম বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ কোম্পানিভেদে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে, কয়েকদিন আগেও যা ছিল ২৫ টাকা। প্যাকেটজাত সাধারণ আয়োডিন লবণ ২৩-২৫ টাকা ও সাধারণ খোলা লবণ প্রতিকেজি ১৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, জানুয়ারির শেষ সপ্তাহে প্রতি কেজি লবণের দাম যা ছিল, এখন তার চেয়ে ৮-১০ টাকা বেড়েছে। তবে আগামী সপ্তাহে দাম দুই-তিন টাকা কমতে পারে বলে তারা আশা করছেন।
দেশে উৎপাদিত লবণ ভোক্তার চাহিদা পূরণ করতে পারে না। ফলে লবণের ঘাটতি পূরণে আমদানি করতে হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) হিসাব মতে, প্রতিবছর দেশে লবণের চাহিদা রয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ টন। ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত দেশে লবণের উৎপাদন হয়েছে মাত্র ১২ লাখ টন। দেশে লবণের ঘাটতি ছিল প্রায় সাড়ে চার লাখ টন।
২০১৫ সালের নভেম্বরে দেশে লবণ উৎপাদনের পরিমাণ ছিল ৭১ হাজার ২২৬ টন। ডিসেম্বরে উৎপাদন ছিল ৬৪ হাজার ৭৭৬ টন।
চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় অনুমতিসাপেক্ষে বাণিজ্য মন্ত্রণালয় তিন লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নেয়। কিন্তু এর বিপরীতে এক লাখ টন লবণ আমদানির অনুমতি দেয়া হয়েছে।
ব্যবসায়িরা বলছেন, আমদানির অনুমতি দিতে সরকার গড়িমসি করার কারণে চাহিদা অনুযায়ী লবণ সরবরাহ করা যায়নি। লবণের দাম বাড়ার পেছনে এটিও একটি কারণ।

No comments:

Post a Comment