Wednesday, February 17, 2016

এটিএম কার্ড জালিয়াতি : ৪/৫ জন বিদেশী নজরদারিতে

বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ৪/৫ জন বিদেশী নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদেরকে খুব শিগগিরই আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডিআইজি মনিরুল ইসলাম বলেন, এটিএম বুথে টাকা জালিয়াতির ঘটনায় ৪/৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে যেকোনো একজন টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ৪/৫ জনের মধ্যে কে সেই জন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি শনাক্ত করতে যাচাইবাছাই করা হচ্ছে। যেহেতু বিদেশীদের প্রশ্ন, সেহেতু একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না।
কার্ড জালিয়াতিতে কতজন বিদেশী জড়িত জানতে চাইলে তিনি বলেন, এদের সবাই বিদেশী নাগরিক বলে মনে হয়েছে। ছবিতে এখনো মুখমণ্ডল দেখা যায়নি। তবে তারা সাদা চামড়ার। ধারণা করা হচ্ছে, তারা পূর্ব ইউরোপের দেশের নাগরিক। তাদের কেউই এখনো দেশ ত্যাগ করেননি বলেও জানান তিনি।
ডিআইজি জানান, এ জালিয়াতির ঘটনায় বনানী থানায় যে মামলা হয়েছিল, তা মঙ্গলবার ডিবিতে নেয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সিসি টিভির ফুটেজ ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা পুলিশ এবং নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন সদস্য মিলে তদন্ত কাজ শুরু করেছে।
এর আগে এটিএম কার্ড জালিয়াতির একটি ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল জানিয়ে মনিরুল ইসলাম বলেন, টাকা জালিয়াতির ঘটনায় দেশীয় লোকও থাকতে পারে। এমনকি ব্যাংক কর্মকর্তাদের অনেকেই থাকতে পারেন। তবে তা যাচাইবাছাই করা হচ্ছে।
গত শুক্রবার ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ডধারী কয়েকজন গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেয়ার ঘটনা ঘটে। ডেবিট কার্ডধারী ২১ গ্রাহক এ নিয়ে ব্যাংকের কাছে অভিযোগ করেছেন। টাকা তুলে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কর্তৃপক্ষ শুক্রবার রাতে বনানী থানায় মামলা করার পর পুলিশ তদন্তও শুরু করেছে। ইউসিবি কর্তৃপক্ষ এজাহারের সঙ্গে বুথের সিসিটিভিতে ধরা পড়া কিছু ভিডিও ফুটেজ দিয়েছে।
ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার গণমাধ্যমকে বলেন, ইস্টার্নসহ সব ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা অনেক সুরক্ষিত। জালিয়াতির কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) সুরক্ষিত না হওয়ায় শুধু ইস্টার্ন ব্যাংক নয়, অন্য ব্যাংকের এটিএম বুথেও জালিয়াতি ঘটেছে।

No comments:

Post a Comment