Tuesday, February 2, 2016

ওবামা প্রশাসনের সঙ্গে কায়ানির দূতিয়ালি করেন মালিহা

মালিহা লোধি
হিলারির প্রকাশিত গোপন ই–মেইল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ও পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির মধ্যে অনানুষ্ঠানিক দূতিয়ালির কাজ করতেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি। খবর ডনের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঠানো ‘অতিগোপন’ তথ্যসংবলিত ই-মেইলগুলোর একটি থেকে এমন তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার এসব ই-মেইলের কথা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তাঁর কোনো ই-মেইলেরই ‘অতিগোপন’ তথ্য ফাঁস করা হবে না বলে এ দপ্তর জানায়।
শুক্রবারই মার্কিন পররাষ্ট্র দপ্তর হিলারির এক হাজার পৃষ্ঠার বেশ কিছু ই-মেইল প্রকাশ করে। একটি ই-মেইলে বলা হয়, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সে সময় এই দপ্তরের পাকিস্তান ও আফগানিস্তান-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ভালি নাসর হিলারিকে জানিয়েছিলেন, তাঁর কাছে জেনারেল কায়ানির বার্তা পৌঁছে দিয়েছেন মালিহা লোধি।
২০১১ সালের ২১ জানুয়ারি লেখা এক বার্তায় ভালি নাসর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে জানান, ‘আমি লন্ডন থেকে মালিহার ফোন পেয়েছি। মালিহা কায়ানির কাছ থেকে একটি বার্তা দিয়েছেন।’ তবে পুরো বার্তা হিলারির ই-মেইল থেকে সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে।
মালিহা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাকিস্তানি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তবে যখন মালিহা ওই দূতিয়ালির কাজ করেন তখন তিনি সরকারি কর্মকর্তা ছিলেন না। পাকিস্তানের লাহোরে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নাগরিক রেমন্ড ডেভিসকে গ্রেপ্তার করার তিন দিন পর হিলারিকে ওই দূতিয়ালির কথা জানান ভালি নাসর। ডেভিসকে গ্রেপ্তার করা নিয়ে ওই সময় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।

No comments:

Post a Comment