Tuesday, February 2, 2016

রাহুলের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য নেতাদের বৈঠক, বাম-কংগ্রেস জোট নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা একজোট হয়ে জানালেন, রাজ্য বিধানসভার নির্বাচনে কিছুতেই যেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা না হয়। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে গতকাল সোমবার বরং অধিকাংশ রাজ্য নেতা বলেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে বামপন্থীদের সঙ্গে দল হাত মেলাক। রাজ্য নেতাদের রাহুল বলেছেন, সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ভোট। সেই ভোটে কংগ্রেস একা লড়বে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে নাকি বামপন্থীদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের বিরোধিতা করবে—সেই অভিমত জানতেই এই বৈঠক। মোট ১৭ জন নেতা গতকাল দেড় ঘণ্টার এই বৈঠকে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধার পক্ষে সবাই মত দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, আবদুল মান্নানসহ কংগ্রেস নেতারা বলেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে রাজ্যে বামপন্থীদের সঙ্গে জোট বাঁধা জরুরি। সাবেক সাংসদ দীপা দাশমুন্সী বলেন, বামদের সঙ্গ ছাড়াও তাঁর জেলা উত্তর দিনাজপুর কংগ্রেসের দখলে থাকবে। বামদের সঙ্গে জোটের বিরোধিতা করেন শুধু মানস ভূঁইয়া।
রাহুল সবার মত শুনে বলেন, কেন্দ্রীয় বাধ্যবাধকতার কারণে কোনো রাজ্যে দলের স্বার্থ নষ্ট হতে দেবেন না। এক রাজ্যের স্বার্থ অন্য রাজ্যের জন্যও ব্যাহত হতে দেওয়া হবে না। রাজ্য নেতাদের তিনি এ কথাও বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের শপথ গ্রহণের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ করেছিলেন কংগ্রেস যেন সিপিএমের সঙ্গে হাত না মেলায়। রাহুল এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেন, বামপন্থীদের সঙ্গে কংগ্রেস জোট বাঁধুক, মমতা তা চাইছেন না।
পশ্চিমবঙ্গের সিপিএম নেতারা বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কথা বলে আসছেন। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্প্রতি প্রকাশ্য জনসভায় এই ডাক দেন।
২০০৯ ও ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জোট বেঁধে লোকসভা ও বিধানসভা ভোটে লড়ে। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসে ভাঙন অব্যাহত। জেলায় জেলায় কংগ্রেসিরা অত্যাচারের অভিযোগও করে চলেছেন। গতকালের বৈঠক সম্পর্কে কংগ্রেস নেতা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘এই জোট করলে কংগ্রেস শুধু তার হৃত গৌরবই ফিরে পাবে না, শাসক দলের অত্যাচারও রুখতে পারবে।’ রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘রাজ্যের তামাম কংগ্রেসির দাবিই রাহুল গান্ধীর কাছে তুলে ধরা হয়েছে।’ সাবেক সভাপতি সোমেন মিত্র প্রথম আলোকে বলেন, ‘এই জোটই আজকের সময়ের দাবি।’ জোটবিরোধী নেতা মানস ভূঁইয়া বলেন, ‘রাজ্যবাসী সিপিএমকে চেনে। তৃণমূল কংগ্রেসও ব্যর্থ। ভবিষ্যৎ কংগ্রেসের, যদি দলকে ঠিকমতো চালানো যায়।’

No comments:

Post a Comment