Tuesday, February 16, 2016

চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিকসের ১০ শোরুম উদ্বোধন

চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের ছোটপুলে যমুনা
ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন করছেন যমুনা
গ্রুপের এমডি শামীম ইসলাম
পণ্যের মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: শামীম ইসলাম
বন্দরনগরী চট্টগ্রামে এক সঙ্গে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের ১০টি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের হালিশহর ছোটপুলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম ফিতা ও কেক কেটে একই স্থান থেকে এসব শো-রুমের উদ্বোধন করেন।
এ সময় শামীম ইসলাম বলেন, দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামে একসঙ্গে ১০টি শো-রুম উদ্বোধন করে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস ও ডিলাররা নতুন ইতিহাসের সূচনা করেছে।
তিনি বলেন, ৪০ বছর আগে শুরু হয়েছিল যমুনা গ্রুপ। যমুনা ফ্যান ছিল এক সময় দেশের মানুষের ঘরে ঘরে। ১০০ শতাংশ অ্যারোমেটিক হালাল সাবান বের করার পর অনেক বড় বড় কোম্পানিকে নড়েচড়ে বসতে হয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে সেবার মানসিকতা নিয়ে গুণগতমানসম্পন্ন পণ্য বাজারজাত করার কারণেই যমুনার পণ্য এখন এক আস্থা ও নির্ভরতার নাম।
যমুনা গ্রুপের এমডি আরও বলেন, বিদেশী পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় পণ্যকে বাজারে টিকিয়ে রাখতে হচ্ছে। বাজার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন ৪ হাজার রেফ্রিজারেটর উৎপাদন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেবল উৎপাদনই নয়; পণ্যের গুণগত মান ও সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য যমুনা গ্রুপের।
শামীম ইসলাম আশা প্রকাশ করে বলেন, স্বল্প সময়ের মধ্যে দেশের বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন যেমন জনপ্রিয় হয়ে উঠেছে, তেমনি যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের পণ্যও জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে যাবে।
সোমবার হালিশহর ছোটপুলে ২ হাজার ৪০০ বর্গফুটের প্রধান শোরুম ছাড়াও দামপাড়া ওয়াসা, বহদ্দারহাট, আন্দরকিল্লা, জিইসি মোড়, মাস্টার হাট, সীতাকুণ্ডু, সাতকানিয়ার কেরানি হাট ও লোহাগাড়ায় স্থাপিত শোরুম একই স্থান থেকে উদ্বোধন ঘোষণা করেন শামীম ইসলাম।
এ সময় তার সঙ্গে ছিলেন যমুনার ডিলার ইয়াসিন মার্কেটিং কোম্পানির ম্যানেজিং পার্টনার হাবিবুর রহমান চৌধুরী ও রহমত উল্লাহ খান খোকন।
এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সালাহ উদ্দিন শিকদার সুমন, মাহমুদুল হাসান, ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ শিহাব উদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার রায়হান উদ্দিন প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দর নগরীর মতো একটি শহরে এক সঙ্গে দশটি শো-রুম উদ্বোধন করতে পারাকে অত্যন্ত আনন্দের ও খুশির উল্লেখ করে ডিস্ট্রিবিউটর ও ডিলারদের উদ্দেশে শামীম ইসলাম বলেন, এই গর্বিত সময়ের অংশীদার আপনারাও। যমুনার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। যে কোনো সুবিধা-অসুবিধায় যমুনা গ্রুপ আপনাদের পাশে থাকবে।
তিনি বলেন, শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় পণ্যের বাজার সমৃদ্ধ করাসহ নানাভাবে দেশকে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় যমুনা গ্রুপ। সরকারও এ ক্ষেত্রে শিল্প মালিকদের সহযোগিতা করছে।
শামীম ইসলাম এর আগে যমুনা গ্রুপের শো-রুম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ইয়াসিন মার্কেটিং কোম্পানির ম্যানেজিং পার্টনার হাবিবুর রহমান চৌধুরী বলেন, যমুনা গ্রুপের রেফ্রিজারেটর, মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী অত্যন্ত মানসম্পন্ন ও রুচিশীল। এরই মধ্যে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। গুণগত মান ও সাশ্রয়ী দামের কারণে যমুনার ইলেকট্রনিকস সামগ্রী শিগগিরই চট্টগ্রামের বাজার দখল করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি পোড়ানোর জমকালো আয়োজন।

No comments:

Post a Comment