Saturday, February 6, 2016

দেড় কোটি টাকায় হায়দ্রাবাদে মুস্তাফিজ

বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ভিত্তিমূল্যের তিনগুণ বেশি দামে বিক্রি হয়েছেন এই কার্টার মাস্টার। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) প্রথম দিনের নিলাম হয়। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল প্রায় ৫৮ লাখ টাকা (৫০ লাখ রুটি)। হায়দ্রাবাদ প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা (১ কোটি ৪০ লাখ রুপি) খরচ করে বাম হাতি এই পেসারকে দলে টানে। অবশ্য নিলামে মুস্তাফিজকে নিয়ে দর হাকার শুরুটা করেছিল হায়দ্রাবাদই। এরপর দাম বাড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত তাদের হারিয়ে হায়দ্রাবাদই মুস্তাফিজকে পেয়েছে।
তবে, প্রথম দিনের নিলামে আইপিএলের প্লেয়ার ড্রাফটে থাকা বাংলাদেশের অন্য চার ক্রিকেটার- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ কোনো দল পাননি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
গতবছর পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেকেই আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ। এরপর ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিংয়ে চমকে দেন বিশ্বকে। ওয়ানডে অভিষেকেই পেয়েছিলেন ৫ উইকেট, পরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন।
এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল আইপিএলে খেলেছেন। এদের মধ্যে এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ফলে পঞ্চম বাংলাদেশী হিসেবে আইপিএলে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের।
আইপিএলের প্লেয়ার ড্রাফটে এবার ৩৫১ জন ক্রিকেটারের নাম রয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত হবে আইপিএলের নবম আসর।
এদিন প্রথম রাউন্ডের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কিনেছে শেন ওয়াটসনকে। অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডারকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে তারা।
নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন দল রাইজিং পুনে সুপার জায়ান্টসের কাছে বিক্রি হন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। ৩ কোটি ৫০ লাখ রুপিতে তাকে পেয়েছে পুনে।
গতবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে এবার দলে নিয়েছে মুস্তাফিজের হায়দ্রাবাদ। আর নিলামের শেষ ক্রিকেটার হিসেবে গুজরাটে ২ কোটি ৩০ লাখ রুপিতে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।
এদিকে, বিস্মিত করার মতো ঘটনা ঘটেছে প্রথম দিনেই। প্রথম রাউন্ডের এ নিলামে অবিক্রিত রয়েছেন, নিউজিল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান মার্টিন গাপটিল, অসি ওপেনার অ্যারন ফিঞ্চ, জর্জ বেইলি, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলার মত খেলোয়াড়রাও।

No comments:

Post a Comment