Monday, February 29, 2016

রাহুল-কেজরিওয়ালসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতের জওহরলাল বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বিতর্কে এবার নতুন ঝড় উঠেছে। কানহাইয়া কুমারকে সমর্থন করায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ডি রাজাসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হায়দরাবাদের সারওরনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ।
কংগ্রেস ও শীর্ষস্থানীয় বাম নেতাদের পাশাপাশি সংযুক্ত জনতা দলের এমপি কে সি ত্যাগী ও জেএনইউয়ের দুই ছাত্র কানহাইয়া কুমার ও উমর খালিদের বিরুদ্ধেও দেশদ্রোহের অভিযোগ এনেছে হায়দরাবাদের পুলিশ।
কংগ্রেস দিল্লির এ ঘটনার তুমুল সমালোচনা করেছে।
দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, মোদি সরকারের দলিত ও গরিব-বিরোধী নীতি নিয়ে যারাই সমালোচনা করেন, তাদের মুখ বন্ধ করতে তৎপর হয় বিজেপি ও তাদের শরিকরা।
সারওরনগরের পুলিশ পরিদর্শক এস লিঙ্গাইয়া জানান, আদালতের আদেশের ভিত্তিতেই রোববার ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গৌড় অভিযোগ করেন, দিল্লি পুলিশ কানহাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছে এটা জানা সত্ত্বেও রাহুল ও অন্য নেতারা জেএনইউয়ে গিয়েছিলেন এবং তারা  দেশদ্রোহীদের সমর্থন করেছেন। রাহুলদের সেই কাজ আসলে দেশদ্রোহেরই নামান্তর।
পুলিশ জানিয়েছে, মামলাটি দিল্লির সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়ার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে আইনি পরামর্শও নিচ্ছে তারা।

No comments:

Post a Comment