Wednesday, February 3, 2016

যুক্তরাষ্ট্রে যৌন সংসর্গে জিকা সংক্রমণ

রোগীর কাছ থেকে সংগ্রহ করা রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে
যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এমন প্রেক্ষাপটে জিকা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায় বলে বলা হচ্ছে। কিন্তু তা যৌন সংসর্গের মাধ্যমেও ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে জিকা ভাইরাসে সংক্রমিত এক রোগীর সন্ধান মিলেছে। ওই ব্যক্তি সম্ভবত যৌন সংসর্গের মাধ্যমে জিকা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।
খবরে বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি জিকা উপদ্রুত কোনো এলাকায় যাননি। তবে তাঁর সঙ্গী ভেনেজুয়েলা থেকে ফিরেছেন।
টেক্সাসে বিদেশ থেকে আসা সাতজনের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও দেশটির ভেতরে সংক্রমণের ঘটনা এটাই প্রথম।
ডালাসের ঘটনা প্রসঙ্গে সিডিসির মুখ্য উপপরিচালক অ্যান স্কুচাট বলেন, যুক্তরাষ্ট্রে কারও জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার এটাই প্রথম ঘটনা, যার সঙ্গে ভ্রমণের সম্পর্ক নেই।
ওই কর্মকর্তা বলেন, ‘মশার কামড়ে এই সংক্রমণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। যৌন সংসর্গের মাধ্যমে এই সংক্রমণ হয়েছে বলে আমাদের বিশ্বাস।’
জাতিসংঘ ফাউন্ডেশনের জনস্বাস্থ্যের জ্যেষ্ঠ ফেলো অলকা বসু বলেন, ঘটনা সত্যি হলে তা তাৎপর্যপূর্ণ।
ব্রাজিলসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত সোমবার আন্তর্জাতিক স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কলম্বিয়ায় দুই হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলেও অনেক অন্তঃসত্ত্বা নারী মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত।
জিকা ভাইরাসের সঙ্গে অস্বাভাবিক ছোট আকৃতির মাথা নিয়ে শিশুর জন্ম নেওয়ার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে সম্প্রতি এমন শিশুর সংখ্যা বেড়ে গেছে।

No comments:

Post a Comment