Wednesday, February 3, 2016

সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ
সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘সরকারঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকেরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করি, সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে। সমস্যাটির অচিরেই সমাধান করবে।’
আবদুল হামিদ বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি সাংবাদিকদের আশ্বস্ত করতে পারি। আমার দুয়ার সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। আর আমার পক্ষে যতটুকু সম্ভব, তা আমি অবশ্যই করব।’
সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, জাতির বিবেক হিসেবে তারা যদি জাতির আলোচ্যসূচিসমূহ যথাযথভাবে জাতির সামনে তুলে ধরতে পারে তবেই দেশ ও জাতি উপকৃত হবে। পত্রিকা বা চ্যানেলের প্রসারের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যমও প্রসারিত হয়। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে একটি সংবাদ বা রিপোর্টের কারণে ব্যক্তি, প্রতিষ্ঠান বা জাতি যেন কোনোভাবেই অহেতুক হয়রানির শিকার না হয়। সংবাদ, প্রচার ও প্রকাশের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।  গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর মাধ্যমে জাতি তার অব্যক্ত আশা-আকাঙ্ক্ষা ও অভিপ্রায় ব্যক্ত করে থাকে। রাষ্ট্রের নির্বাহী ও অন্যান্য বিভাগ যা ভুলে যায় কিংবা পর্যাপ্তভাবে দৃষ্টিক্ষেপণ করে না সেটা বলার দায়িত্ব তারা পূরণ করে। এ কারণে অনেক সময় গণমাধ্যম কর্মীরা অনেকের বিরাগভাজন হয়ে থাকেন।’

No comments:

Post a Comment