Tuesday, February 16, 2016

তারেকের ঘুষ লেনদেন মামলা বাতিলের রায় ১৬ মার্চ

হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৬ মার্চ এ বিষয়ে রায় দেয়া হবে।
মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
তারেক রহমান ছাড়া বাকি তিন আবেদনকারী হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।
আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়।
ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রমনা থানায় একটি মামলা করেন, যাতে তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়।
২০০৮ সালের ২৩ এপ্রিল ওই ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০০৮ সালের ১৪ জুলাই জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর মামলা দায়ের ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন।
প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরই রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে। এরপর ওই রুলের ওপর চলতি বছর শুনানি শেষে এ রায়ের দিন এল।

No comments:

Post a Comment