Monday, February 29, 2016

এটিএম জালিয়াতি: জড়িত ৪জন ফের রিমান্ডে

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশীসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছয় দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকার মুখ্যমহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের হাজির করা হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক সোহরাব মিয়া তদন্তের স্বার্থে আসামিদের আরও আট দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ জার্মান নাগরিক পিওতর সিজোফেন এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারি ওই চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি ও ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর বিভিন্ন বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নেয় জালিয়াত চক্র।
কার্ড জালিয়াতির এ ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।
মামলার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে জালিয়াতির সঙ্গে জড়িত এক বিদেশীসহ চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

No comments:

Post a Comment