Friday, February 19, 2016

মাহফুজ আনামের বিরুদ্ধে সাত জেলায় আরও ৭ মামলা

১ লাখ ২২ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ
ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বৃহস্পতিবার সাত জেলায় আরও ৭টি মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ এনেছেন বাদী। মামলাগুলোতে ৫০ হাজার ১৩০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। একটি মামলায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
৯ ফেব্রুয়ারি থেকে মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা হচ্ছে। গত দশ দিনে তার বিরুদ্ধে ৭৬টি মামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই মানহানির মামলা। মানহানির এসব মামলার মধ্যে ৪৮টিতে তার বিরুদ্ধে ১ লাখ ২২ হাজার ৪১০ কোটি ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনেছেন বাদীরা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তার (মাহফুজ আনাম) বিচার চান। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন করে মাহফুজ আনাম তার সম্পাদিত পত্রিকায় অসত্য খবর পরিবেশ করেন, যা অপরাধমূলক ষড়যন্ত্রের শামিল।
বৃহস্পতিবার দায়ের হওয়া মামলা নিয়ে যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মাগুরা : মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মাানহানি মামলা হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নেয়ার বিষয়ে ৮ মার্চ সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছেন। মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির অভিযোগ আনেন তিনি।
মাদারীপুর : দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. ছিদ্দিকুর রহমান সিং মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে ৬ মার্চ মাহফুজ আনামকে আলাদতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
চাঁদপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। চাঁদপুরের হাইমচর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা হাবীব শেখ। আদালত বিষয়টি তদন্তের জন্য জেলা তথ্য অফিসার নুরুল হককে নির্দেশ দিয়েছেন।
হাতীবান্ধা (লালমনিরহাট) : মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন আ’লীগ সমর্থক সৈয়দা শিল্পী বেগম নামের এক নারী। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে এ মামলা দায়ের করেন তিনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল সরকারের অনুমতি নিয়ে মামলাটি তদন্ত করতে লালমনিরহাট সদর থানার ওসিকে দায়িত্ব দিয়েছেন।
কুমিল্লা : বিকালে কুমিল্লার ৫নং আমলি আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন জেলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
নড়াইল : মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। দুপুরে লোহাগড়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম অহিদুর রহমান। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে লোহাগড়া থানার ওসিকে ১৬ মার্চের মধ্যে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

No comments:

Post a Comment