Wednesday, February 17, 2016

তেল উৎপাদন নিয়ন্ত্রণে সৌদি-কাতার-ভেনিজুয়েলা-রাশিয়া একমত

বিশ্ববাজারে তেলের দরে অস্বাভাবিক পতন রুখতে উৎপাদনে সংযত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, কাতার, ভেনিজুয়েলা ও রাশিয়া। এর মধ্যে সৌদি আরব, কাতার ও ভেনিজুয়েলা ওপেকভুক্ত দেশ। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার চার দেশের তেলমন্ত্রীদের এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ চার দেশ তাদের উৎপাদন জানুয়ারি মাসের চেয়ে বেশি করবে না বলে জানান মন্ত্রীরা। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ইনডিপেনডেন্টের। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের তেলমন্ত্রী আলী আল নাইমি, রাশিয়ার আলেকজান্ডার ন্যাভোকিন, ভেনিজুয়েলার ইউলোগিও ডেল পিনো ও কাতারের মোহাম্মদ বিন সালেহ আল সাদাহ। সৌদি তেলমন্ত্রী নাইমি বলেন, বিশ্ববাজারে জানুয়ারি মাসে যে পরিমাণ তেল উৎপাদন এবং সরবরাহ করা হয়েছে, তা পর্যাপ্ত। আমরা চাই না তেলবাজার আবর্তিত হোক। আমরা চাই, আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা বাড়াতে এবং তেলের মূল্য অপরিবর্তিত রাখতে। কাতারের তেলমন্ত্রী সাদাহ বলেন, চার রাষ্ট্রের এ চুক্তিতে তেলবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সহায়ক হবে। তিনি আরও বলেন, ওপেকের বাইরের বা ভেতরের তেল উৎপাদনকারীরা এ ঐকমত্যকে স্বাগত জানাবেন। এদিকে আজ তেলের মূল্য স্থিতিশীলতা ধরে রাখার প্রশ্নে ওপেকভুক্ত অন্য দু’দেশ ইরান ও ইরাকের সঙ্গে সাক্ষাৎ করবেন সংস্থাটির তেল উৎপাদনকারীরা। গত ১৮ মাস ধরে তেলের অব্যাহত দরপতন রুখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রীরা ঘোষণায় আরও বলেন, বাকি তেল উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদন হ্রাস না করা পর্যন্ত এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। এ সময়ে ৭০ শতাংশ তেলের মূল্যের চেয়ে তেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

No comments:

Post a Comment