Sunday, February 14, 2016

পুরো সিরিয়ার দখল না পাওয়া পর্যন্ত লড়াই চলবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, পুরো সিরিয়ায় পুর্নদখল না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ একথা বলেছেন।
তবে প্রেসিডেন্ট আসাদ স্বীকার করেছেন, তার বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে। সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেও প্রেসিডেন্ট আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল। কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়। এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিয়েছে।
সিরিয়ায় স্থল অভিযান চালাবে সৌ​দি ও তুরস্ক!
সিরিয়ায় স্থল অভিযান চালাতে পারে তুরস্ক ও সৌদি আরব। এই অভিযানে অংশ নিতে সৌদি আরব ইতিমধ্যে কয়েকটি যুদ্ধবিমান তুরস্কের বিমানঘাঁটিতে পাঠানো শুরু করেছে। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ​ কাভুসগলু এ কথা বলেন। তবে তিনি জানান, সৌদি ও তুরস্কের এই অভিযান হবে সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে। খবর এএফপির।
তুরস্ক ও সৌদি আরব এই অভিযান শুরু করলে ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া অগ্নিগর্ভ পরিস্থিতি ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কয়েকটি দেশ আইএসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে সরকারবিরোধীদের ওপর হামলা চালাচ্ছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসগলু বলেন, আইএসের বিরুদ্ধে কৌশল ঠিক হলে রিয়াদ ও আঙ্কারা সিরিয়ায় স্থল অভিযান চালাতে পারে। তিনি বলেন, অনেকে মনে করে, তুরস্ক সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালাতে রাজি নয়। কিন্তু এই তুরস্কই স​বচেয়ে কঠোর প্রস্তাব তৈরি করছে।
সৌদি আরব সিরিয়ায় অভিযানের জন্য সেনা পাঠাবে কি না, এমন প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত সেই পরিকল্পনা নেই। তবে সৌদি আরব বলেছে, প্রয়োজনের স​ময় সেনা পাঠানো হতে পারে।

No comments:

Post a Comment