Sunday, February 7, 2016

‘গান শুনলে মন ভালো থাকে’ ভিকারুননিসায় ‘আমি বাংলাদেশ’ কনসার্ট

ভিকারুননিসা নূন স্কুল মাঠে প্রথম আলো আয়োজিত
কনসার্টে চিরকুট ব্যান্ডের একটি পরিবেশনাl -প্রথম আলো
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখায় গতকাল ‘আমি বাংলাদেশ’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে ব্যান্ড দল চিরকুট, জলের গান ও নোঙ্গর সংগীত পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন দিনাত জাহান ও মিনার।
কনসার্টটির আয়োজন করেছে দৈনিক প্রথম আলো। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা এ কনসার্ট উপভোগ করে। প্রথমে জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানটি গাইলেন সংগীতশিল্পী দিনাত জাহান ও তাঁর মেয়ে ইশরাক নাওয়ার। দিনাত জাহান একক কণ্ঠে গেয়ে শোনান ‘আমার মাঝে এখন আমি’ ও ‘দুঃখটাকে দিলাম ছুটি’। এরপর মঞ্চে আসেন মিনার। তিনি ‘তুমি চাইলে মেঘও ছিল রাজি’ গানটিসহ তিনটি গান শোনান। এরপর সংগীত পরিবেশন করে চিরকুট, জলের গান ও নোঙ্গর। এ সময় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
বেলা আড়াইটার দিকে কনসার্টের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সব শিক্ষার্থীরই গান শোনা, সিনেমা দেখা, খেলাধুলা করা দরকার। তাই এই কনসার্টের আয়োজন করেছে প্রথম আলো। মতিউর রহমান বলেন, ‘আমরা সবাই গান শুনতে ভালোবাসি। সুযোগ পেলেই শিক্ষার্থীদের গান শোনাই। কারণ, গান শুনলে মন ভালো থাকে। এ ছাড়া শুদ্ধভাবে কথা বলতে চাইলে গান শোনা দরকার।’ কনসার্টে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment