Sunday, February 7, 2016

প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করতে দ্রুত কাজ শেষের তাগিদ -আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির
সভাপতি মো. কবির আহমেদ ভূঞাl -প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রবৃদ্ধির হার ৭ শতাংশে উন্নীত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন বড় বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছি। আমাদের সেখানে বদনাম দেওয়ার চেষ্টা হয়েছিল। অর্থ বরাদ্দ না দিয়েই অর্থ লোপাটের দুর্নাম দেওয়ার চেষ্টা হয়। এর সঙ্গে যেহেতু দেশের ভাবমূর্তি জড়িত, তাই আমরা চ্যালেঞ্জ হিসেবেই পদ্মা সেতুর কাজ নিজেদের অর্থায়নে শুরু করেছি। আমরা প্রমাণ করেছি, আমরা চাইলে যেকোনো অসাধ্যই সাধন করতে পারি।’
সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু খরচ বাড়ানোর জন্য নয় এবং প্রকল্প যাতে অর্থসাশ্রয়ী হয়, সাধারণের উপকারে আসে, সে বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন করে তারপর প্রকল্প গ্রহণ করতে হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেভাবে প্রকল্প প্রণয়ন করতে হবে।’
দেশে প্রচুর বৃষ্টিপাত ও ভূমিকম্পের কথা মাথায় রেখে স্থাপনা গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খোলামেলা জায়গা থাকলে বাচ্চারা খেলাধুলা করতে পারে, পাশাপাশি জনসাধারণও নিশ্বাস ফেলার জায়গা পায়। তিনি আরও বলেন, জমি অব্যবহৃত রাখা যাবে না। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ফসল উৎপাদনও নিশ্চিত করতে হবে।
বেশি খরচে অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে বলে আক্ষেপ করে কম খরচে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। খরচ বাড়ানোর পরিকল্পনা না করে, কমানোর পরিকল্পনা করতে বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন এবং উৎপাদন কর্মকাণ্ডে প্রকৌশলীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা সবকিছুর নির্মাণ ও স্থাপনের সঙ্গে প্রকৌশলীরাই সম্পৃক্ত। জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, পানি সরবরাহের মতো সেবাধর্মী সব কাজও প্রকৌশলীরাই সম্পাদন করে থাকেন। তিনি বলেন, প্রকৌশলীরা যেসব সংস্থার প্রধান—এ ধরনের প্রতিষ্ঠান, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, রেলওয়ে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সাতটি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।
আইইবির সভাপতি মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুটানের রাজাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে তাঁর প্রথম সন্তান জন্মগ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভুটানের রাজার কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার এবং রানি জেতসান পেমার প্রথম সন্তানের রাজকীয় জন্মদানের খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।’ শেখ হাসিনা নবজাতক ও তার মায়ের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি ভুটানের রাজাকে নতুন রাজকুমারসহ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

No comments:

Post a Comment