Wednesday, February 10, 2016

কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় পাটকল মালিকরা। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের নভেম্বরে এক মাসের জন্য কাঁচা পাট রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। পরের মাসে এ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য করা হয়। এতে কাঁচামাল সংকটে পড়ে ভারতের পাটকলগুলো। এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির পাটকল মালিকরা। জানা গেছে, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) ও ইন্ডিয়ান জুট মিল্স অ্যাসোসিয়েশন (আইজেএমএ) গত ৫ ফেব্রুয়ারি এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার প্রভাবে ভারতীয় পাটকল মালিকদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান আইজেএমএ প্রতিনিধিরা।
আইজেএমএর কলকাতা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইজেএমএ চেয়ারম্যান মনিশ পোদ্দার, হুগলী গ্রুপের রাঘবেন্দ্র গুপ্ত এবং রিলায়েন্স জুট মিল্স (ইন্টারন্যাশনাল) লিমিটেডের সঞ্জয় হাদাসহ সংগঠনটির নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আইজেএমএ প্রতিনিধিরা বলেন, তাদের পাটকলগুলো বাংলাদেশের কাঁচা পাটের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্তের ফলে তারা খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মাসের ৫ তারিখে সরকার ৪১ প্রতিষ্ঠানকে বিশেষ প্রক্রিয়ায় ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দেয়। ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১ এলসির (লেটার অব ক্রেডিট) বিপরীতে প্রতিষ্ঠানগুলো কাঁচা পাট রফতানির অনুমোদন পায়।
কাঁচা পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) তথ্যমতে, দেশের ৯০ শতাংশের বেশি কাঁচা পাট রফতানি হয় ভারত, পাকিস্তান ও চীনে।

No comments:

Post a Comment