Sunday, February 7, 2016

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ, দেশ এখন মহাবিপদে। সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণেই দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। তৃণমূল থেকে আন্দোলন শুরু করে সরকারকে হটানো সম্ভব মন্তব্য করে খালেদা জিয়ার নেতৃত্বে দলকে তৃণমূল থেকে  সংগঠিত করারও আহ্বান জানান তিনি।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বিএনপির সম্মেলনে বেলা সাড়ে ১১টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দিচ্ছেন ১৩২ কাউন্সিলর।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহানসহ স্থানীয় নেতারা।
সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালে।
২০১৪ সালের ১৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার আড়াই বছরের মাথায় আজ সম্মেলন হচ্ছে।

No comments:

Post a Comment