Friday, February 19, 2016

মেসির ৩০০ গোল

বার্সেলোনা ৩, ১ গিজন
বরাবরের মতো আক্রমণত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে স্পোর্টিং গিজনকে অনায়াসে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করে তাতে সবচেয়ে বড় অবদান লা লীগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলক টপকানো লিওনেল মেসির। আর গোল করায় অসাধারণ দক্ষতার পরিচয় এই ম্যাচেও দিয়েছেন লুইস সুয়ারেজ।
ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ায় লা লীগার একটি ম্যাচ কম খেলা হয়েছিল বার্সেলোনার। স্পোর্টিংয়ের মাঠে ৩-১ গোলে ম্যাচটি জিতে শিরোপা লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল লুইস এনরিকের দল। সোমবার ম্যাচের নবম মিনিটে প্রথম ভালো আক্রমণটা করেছিল স্পোর্টিং। প্রতি-আক্রমণে বল নিয়ে অনেকটা এগিয়ে হালিলোভিচ পাস দেন আলেক্স মেনেনদেসকে। তার শট দূরের পোস্টের একটু বাইরে দিয়ে যায়।
২৫ মিনিটে মেসিকে রোখা যায়নি। বল নিয়ে আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান বার্সেলোনার অধিনায়ক। এর মাধ্যমে লা লীগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছান মেসি। দুই মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় স্পোর্টিং। প্রতি-আক্রমণে মেনেনদেসের দুর্দান্ত নিচু ক্রসে শুয়ে পড়ে পা লাগিয়ে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দেন কার্লোস কাস্ত্রো।
বার্সার আবারও এগিয়ে যেতে সময় লাগেনি। ৩১ মিনিটে ডি-বক্সে সুয়ারেজকে বল বাড়িয়েছিলেন মেসি। এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে বল দখলে রেখে তা ফেরত পাঠাতেই বাঁ-পায়ের বাইরের অংশ দিয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এটা নিয়ে লা লীগায় মেসির গোল হল ১৫টি। দুই মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর চমৎকার সুযোগটা নষ্ট হয় বার্সেলোনার। সুয়ারেজের নিচু ক্রসে মেসির শট ঠেকান গোলরক্ষক। বল পেয়ে নেইমারের নেয়া উঁচু মাপা শট ডান পোস্টে লেগে ফেরে। কয়েক মিনিট পরই ডি-বক্সের ভেতর থেকে নিচু ক্রস দিয়েছিলেন নেইমার। বলের গতি বেশি থাকায় পা ছোঁয়াতে পারেননি মেসি। প্রথমার্ধে বলের ৮০ শতাংশ দখলে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায়। ৬২ মিনিটে পেনাল্টি থেকেও ব্যবধান বাড়াতে পারেননি সুয়ারেজ। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক। নেইমারকে গোলরক্ষক ফেলে দেয়ায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে রিপ্লেতে দেখা গেছে, মাটিতে পরার জন্য যেন তৈরি হয়েই ছিলেন ব্রাজিল অধিনায়ক। একটু দূর থেকে রেফারির তা ভালোমতো দেখার উপায়ও ছিল না। পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোল করে হতাশা কিছুটা ভোলেন সুয়ারেজ। ডি-বক্সের ডানপ্রান্তে বল পেয়ে ঘিরে থাকা ডিফেন্ডারদের মাঝ দিয়েই বাঁ-পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। এ মুহূর্তে বিশ্বের সেরা নাম্বার নাইনের লা লীগায় এ মৌসুমে গোল হল সর্বোচ্চ ২৪টি। ২১টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় এর পরেই আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনাল্ডো।
৭১ মিনিটে মেসির বাড়ানো বল পেয়ে গোলে শট না নিয়ে সুয়ারেজকে বাড়াতে গিয়ে সুযোগ নষ্ট করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা আর্দা তুরান। ওয়েবসাইট।

No comments:

Post a Comment