Thursday, February 25, 2016

শুধু আমার কথাই শুনুন: সিসি

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। ছবি: রয়টার্স
মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি বলেছেন, তাঁর সরকারের অন্যায্য সমালোচনা দেশের অধঃপতনের অপচেষ্টায় ভূমিকা রাখছে। তিনি ছাড়া আর কারও কথা না শুনতে মিসরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিসি।
আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার এক দীর্ঘ ভাষণে এই আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট।
স্বর উঁচু করে ক্ষুব্ধ কণ্ঠে সিসি বলেন, ‘দয়া করে আমি ছাড়া অন্য আর কারও কথা শুনবেন না। আমি খুব আন্তরিকভাবে বলছি।’
সিসি বলেন, মিসরের সমস্যার দাওয়াই তাঁর জানা আছে।
মিসরের প্রেসিডেন্ট বলেন, তাঁর জীবদ্দশা বা মেয়াদের শেষ পর্যন্ত দেশ গড়ে তোলা ও উন্নয়নে কাজ করে যাবেন তিনি।
পুলিশের নির্মমতা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, বাক্স্বাধীনতা রুদ্ধ করার অভিযোগ, অর্থনীতি পরিচালনাসহ বিভিন্ন কারণে সম্প্রতি সিসি সরকার তীব্র সমালোচনার মুখে রয়েছে।
তৎকালীন সেনাপ্রধান সিসি ২০১৩ সালের জুলাই মাসে মোহাম্মদ মুরসির সরকার উৎখাত করেন। মুরসি ছিলেন মিসরের প্রথম অবাধ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। পরে সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

No comments:

Post a Comment