Thursday, February 18, 2016

তুরস্কে বিস্ফোরণে নিহত ২৮

তুরস্কের রাজধানী আংকারার মধ্যাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। বুধবার সংঘটিত এ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাতে রাজধানীর বিরাট অংশ কেঁপে ওঠে। তুরস্কের সংসদ ভবন ও সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার পূর্বঘোষিত আজারবাইজান সফর বাতিল করেছেন। এছাড়া, প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ব্রাসেলস সফর করার কথা ছিল কিন্তু তিনিও সে সফর বাতিল করেছেন। খবর রেডিও তেহরানের। তুরস্কের উপ প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস জানিয়েছেন, বিস্ফোরণে আহত ৬১ জনকে রাজধানীর ১৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তিনি বিস্ফোরণে হতাহতদের সঠিক সংখ্যা জানাতে পারেন নি। পরে অবশ্য তিনি জানান, বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এর আগে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজিনওগ্লু ২০-২১ জন নিহত হওয়ার কথা বলেছিলেন।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র কর্মকর্তা ওমর সেলিক এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণের মাধ্যমে আরেকবার সন্ত্রাসবাদের মুখোশ উন্মোচন হয়েছে।
তুর্কি সরকারের দেয়া বিবৃতি অনুসারে, একটি বাসে এ বিস্ফোরণ ঘটানো হয়। বাসটিতে তুর্কি জেনারেল স্টাফের সদস্যরা ছিলেন।

No comments:

Post a Comment