Sunday, February 28, 2016

আটক তিন আসামিকে ১৮ দিনের রিমান্ড

পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ড
পঞ্চগড়ে পুরোহিত যগেশ্বর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে রিমান্ড শেষে থানা হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। দাবি উঠেছে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির। চট্টগ্রামে ঘাতকদের বিচার দাবিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে। বরিশাল ও সিলেটে মানববন্ধন হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি ও ব্যুরো অফিসগুলোর পাঠানো খবর-
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জের শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠে ২১ ফেব্রুয়ারি সকালে পুরোহিত যগেশ্বর দাসারিয়ার নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার প্রধান আসামি রমজানসহ অপর ২ আসামি হারিজ ও আলমগীরকে কড়া পুলিশি প্রহরায় শনিবার পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ ৩ আসামিকে অস্ত্র আইনে ১০ ও হত্যা মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক দুটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিদের দেবীগঞ্জ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের বিশেষ টিম দেবীগঞ্জ ও নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল ঘাতক রমজানকে গ্রেফতার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ৩টি ধারালো ছোরা, ২টি অত্যাধুনিক পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে।
পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামির সংখ্যা, আসামিদের নাম ও পরিচয় গোপন রেখেছে। জানা গেছে, এ মামলার মূল আসামি রমজান যে পুরোহিত যগেশ্বর দাসারিয়াকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেছে, তার বাড়ি দেবীগঞ্জের কালীগঞ্জে, হারিজের বাড়ি সুন্দরদিঘি এলাকায় এবং আলমগীরের বাড়ি কামাতপাড়া এলাকায়।
এদিকে পুরোহিত যগেশ্বর দাসারিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও গ্রেফতারকৃতদের দ্রুত ফাঁসির দাবিতে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের শহীদ মিনার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ওই মানববন্ধনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।
চট্টগ্রামে হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি : চট্টগ্রাম ব্যুরো জানায়, পুরোহিত যগেশ্বর রায় খুনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, এসব হত্যাকাণ্ডের মাধ্যমে আতংক সৃষ্টি করে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে দেশত্যাগে বাধ্য করে তাদের জায়গা-সম্পত্তি গ্রাস করাই তাদের মদদদাতাদের মূল লক্ষ্য। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের খুনের বিচার করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, মতিলাল দেওয়ানজী, অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিজয় কুমার বড়ুয়া, অ্যাডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী, দুলাল চৌধুরী, অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী, অ্যাডভোকেট রুবেল পাল, পঙ্কজ বৈদ্য সুজন, অনুপ রক্ষিত।
বরিশালে মানববন্ধন : বরিশাল ব্যুরো জানায়, পঞ্চগড়ে হিন্দু পুরোহিত হত্যার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অব্যাহতভাবে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পুরোহিত হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। মানবেন্দ বটব্যালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বপন কুমার দত্ত, হিরন কুমার দাস মিঠু, সুরঞ্জিত দত্ত লিটু, তাপসী বন্ধু ব্রহ্মচারী প্রমুখ।
সিলেটে মানববন্ধন : সিলেট ব্যুরো জানায়, পুরোহিত যগেশ্বর রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখা এ কর্মসূচি পালন করে। শনিবার সকালে কোর্ট পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ঐক্য পরিষদ, পূজা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজতকান্তি ভট্টাচার্য, প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ট্রাইবাল ওয়েলফেয়ারের সভাপতি দিনেশ সাংমা, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা পিথর ফিলিপ বিশ্বাস, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, পূজা পরিষদের সদর উপজেলা সভাপতি অনুপ দেব, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা ও সাংগঠনিক সম্পাদক লিটন পাল।

No comments:

Post a Comment