Friday, February 19, 2016

ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘটে অচল বুড়িমারী স্থলবন্দর

ভারতীয় ট্রাকচালকদের ডাকা ধর্মঘটে বুড়িমারী স্থলবন্দরে
আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক
ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে বুড়িমারী স্থলবন্দর। ফলে স্থলবন্দরে আমদানি ও রফতানিকৃত পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে আছে। বিষয়টি সমাধানে বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাকচালকদের বৈঠক চলছিল।
স্থলবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে আমদানি করা পণ্য খালাস শেষে খালি ট্রাক ওজনের ব্যবস্থা চালু করে কাস্টমস কর্তৃপক্ষ। এই নিয়মে সময় বেশি লাগায় ক্ষিপ্ত হয়ে উঠে ভারতীয় ট্রাকচালকরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাস্তায় আড়াআড়ি করে ট্রাক রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ভারতীয় চালকরা।
বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইন থেকে শুরু করে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এ সময় ভারতীয় কয়েকজন ট্রাকচালক অভিযোগ করে বলেন, ‘আমরা বুড়িমারী স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রায় সময় হয়রানি স্বীকার হচ্ছি।’ ওই হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তারা। জানা যায়, নিয়মানুযায়ী আমাদানিকৃত পণ্য ওয়ে ব্রিজে পরিমাপ করে শুল্কায়ন করেন কাস্টমস কর্তৃপক্ষ। এতে প্রথমে পণ্যবাহী ট্রাক ওজন করা হয় ও পরে মালামাল খালাস শেষে খালি ট্রাকটি ওয়ে ব্রিজে তুলে তা যোগ বিয়োগ করে আমদানিকৃত পণ্যের সঠিক ওজন বের করা হয়। কিন্তু বুড়িমারী স্থলবন্দরে একটিমাত্র পরিমাপ যন্ত্র থাকায় অনেক সময় খালি ট্রাক ওজনের বিষয়টি এড়িয়ে যান কাস্টমসের লোকজন।
তবে ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘটে স্থানীয় ব্যবসায়ীদের হাত নেই দাবি করে সিঅ্যান্ডএফ এজেন্ট নিশাদ রহমান বলেন, এতদিন খালি ট্রাক ওজন করা হয়নি। আর হঠাৎ করে খালি ট্রাক পরিমাপের নির্দেশ দেয়ায় ভারতীয় ট্রাকচালকরা এমন ধর্মঘট ডাকে বলে জানান তিনি।
বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ হুমায়ন হাফিজ বলেন, নিয়মানুযায়ী খালি ট্রাক ওজন করে সঠিকভাবে শুল্কয়ান করা হচ্ছে। তবে ট্রাক চলাচলে কোনো সমস্যা হলে তা স্থলবন্দরের ট্রাফিক বিভাগ দেখবেন বলে জানান তিনি। সূত্রমতে, গত বুধবার ভারত ও ভুটান থেকে ১৮৮টি পণ্যবাহী ট্রাক বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেছে।
আর বৃহস্পতিবার বিকাল পর্যন্ত স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এ ব্যাপারে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সায়েদুজ্জামান বলেন, বিষয়টি সমাধানে উভয় দেশের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাকচালক ইউনিয়নের বৈঠক বসেছে। তবে বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৈঠক চলছিল বলে জানা গেছে।

No comments:

Post a Comment