Sunday, February 14, 2016

মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির দুই মামলায় সমন জারি

সিলেটে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা করে পৃথক দুটি মানহানি মামলায় সমন জারি হয়েছে। রোববার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান ১০০ কোটি এবং সাবেক সভাপতি রাহাত তরফদার ১০০ কোটি টাকার মানহানি মামলা দুটি দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলা দুটির বাদী ও সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার যুগান্তরকে বলেন, যথেষ্ট তথ্য প্রমাণসহ মামলা করেছি, বিচারপ্রার্থী হয়েছি। বিচারের দায়িত্ব আদালতের। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। এর পরই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এই অভিযোগে ঢাকা, লক্ষীপুর, চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজারে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়।

No comments:

Post a Comment