Sunday, February 14, 2016

জয়ের কাছে কম্পিউটারে হাতেখড়ি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছেই তার কম্পিউটারের হাতেখড়ি হয়েছে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শেখ হাসিনা। সেখানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'শেখার কোনও বয়স নেই। আমি তো ডিজিটাল ছিলাম না। ছেলে দেশে এলে এখনো তার কাছে আমি কম্পিউটারের নানা বিষয় শিখি।'
অনুষ্ঠানে শিশুদের কাছে অনেক ভাল শেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, 'যখন 'ডিজিটাল বাংলাদেশ' স্লোগানটি আমরা দিতে শুরু করি, তখন অনেকেই টিপ্পনি কেটেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন অনেকটাই বাস্তব।'
বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে ডিজিটাল শিক্ষাব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'বই মুখস্থ করে শেখা আর দেখে শেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কোনো কিছু দেখলে সেটা মনের ভেতরে থেকে যায়। এভাবেই শিশুদের তৈরি করতে হবে।'
প্রাথমিক পর্যায়ে ডিজিটাল শিক্ষাপদ্ধতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কনটেন্ট তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন বেসরকারি সংস্থা এতে সংশ্লিষ্ট আছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনেক কষ্ট করে যেতে হয়। সেজন্য পাহাড়ি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবাসিক করে গড়ে তোলা হবে।

No comments:

Post a Comment