Tuesday, March 29, 2016

রংপুর জিলা স্কুল- জমি দখলের আশঙ্কায় শিক্ষার্থীরা মানববন্ধনে

রংপুর জিলা স্কুলের মাঠ দখলের আশঙ্কায়
গতকাল স্কুলের সামনে প্রাক্তন ও বর্তমান
শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে
সরকারি জমি দখল হতে পারে, এমন আশঙ্কায় গতকাল সোমবার মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সকাল ১০টায় জিলা স্কুলের সামনে নগরের প্রধান সড়কে এই মানববন্ধন পালন করা হয়। পরে তারা জমি রক্ষার দাবিসংবলিত একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনারের কাছে পাঠায়। খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে জেলা পরিষদের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে একটি সাইনবোর্ড লাগানো হয়। এ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে জেলা পরিষদের প্রশাসক বলছেন, স্কুলের জমি দখলের জন্য নয়, ডিসির মোড়কে বঙ্গবন্ধু চত্বর হিসেবে পরিচিত করিয়ে দিতেই সাইনবোর্ডটি ঝোলানো হয়েছে। গতকাল দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য দেন জিলা স্কুলের প্রাক্তন ছাত্র আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আনিসুল হক, আসিফ কেনান, মেরাজুল ইসলাম, রংপুর জিলা স্কুল স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধি মাহির ফয়সল প্রমুখ। তাঁরা বলেন, এই স্কুলের রয়েছে গৌরবময় ইতিহাস। একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে রংপুর জিলা স্কুলের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তাঁরা স্কুলমাঠ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। আগামী ১১ এপ্রিল রংপুর জিলা স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে বক্তারা জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক চিকিৎসার জন্য ভারতে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন বলেন, ২১ ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভায় ডিসির মোড়কে বঙ্গবন্ধু চত্বর করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে বঙ্গবন্ধু চত্বর নামসংবলিত একটি সাইনবোর্ড লাগানো হয়েছে; জিলা স্কুলের জমি দখলের জন্য নয়। একটি কুচক্রী মহল জিলা স্কুলের জমি দখলের অপপ্রচার চালাচ্ছে। তিনিও সৃষ্ট বিবদমান পরিস্থিতির নিরসন চান।

No comments:

Post a Comment