Thursday, March 24, 2016

ঢাকা চেম্বারের আশঙ্কা- অর্থ চুরির ঘটনায় অর্থনীতিতে নানা প্রভাব পড়বে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা দেশের অর্থনীতিতে নানামুখী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। চেম্বারের আশঙ্কা—অর্থ চুরির ঘটনায় লেনদেনের ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট) এবং বৈদেশিক ঋণ পরিশোধে প্রভাব পড়বে। সেই সঙ্গে ক্রেডিট রেটিং ব্যবস্থায় দেশের অবস্থান এবং এক্সচেঞ্জ রেট বা বিনিময় হারের ক্ষেত্রে টাকার মূল্যমানের অবনমন ঘটাসহ সার্বিকভাবে অর্থনীতিতে নিম্নমুখী ধারার সৃষ্টি হতে পারে। ডিসিসিআই গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এভাবেই শঙ্কা প্রকাশ করেছে।
দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। ডিসিসিআই বলছে, রিজার্ভের অর্থ চুরির কারণে দেশীয় মুদ্রার মূল্যমানের অবনমন ঘটলে এবং রপ্তানি বাণিজ্যের ব্যয় বাড়লে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রবণতা বাড়তে পারে। আবার রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহে এবং সাম্প্রতিক মুদ্রানীতিতে স্থানীয় বেসরকারি উদ্যোক্তাদের জন্য নেওয়া ঋণ বৃদ্ধির উদ্যোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে। অর্থ চুরির ঘটনায় সরকার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা চেম্বার আশা করে, তদন্ত কমিটির মাধ্যমে অর্থ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের মুখোমুখি করা সম্ভব হবে। সংগঠনটি মনে করে, কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও ক্রম অগ্রসরমাণ আর্থিক খাতের রক্ষক হিসেবে কাজ করে যাবে। ভবিষ্যতে দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতে যুগোপযোগী তথ্যপ্রযুক্তি গ্রহণ এবং এর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

No comments:

Post a Comment