Wednesday, March 16, 2016

মগবাজার ফ্লাইওভারের ভারি খণ্ডাংশ পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারের ভারি খণ্ডাংশ পড়ে ইমন (২৪) নামে একজন নির্মাণ  শ্রমিক মারা গেছেন।
বুধবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে লোহার তৈরি ভারি খণ্ডাংশ পড়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইমন মারা যান।
তবে রমনা থানায় যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমেনা খানম জানান, নিহত ইমন ফ্লাইওভারের লোহার টুকরা পড়ে মারা গেছেন।
তিনি জানান, ইমনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসআই তাপস ঘোষালের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
পরে এসআই তাপস ঘোষালের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে যাওয়ার পথে ইস্কাটনে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে রড পড়ে ইমনের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তাপস জানান, নিহত ইমনের বাবার নাম খবির হোসেন।তিনি গাইবান্ধার বাসিন্দা ছিলেন। মগবাজার-মৌচাক ফ্লাইওভারে শ্রমিক হিসেবে তার আরো স্বজনরা কাজ করেন। লাশের সঙ্গে তারাও ঢামেক হাসপতালে আছেন।
স্বজনরা জানান, ফ্লাইওভার নির্মাণের কাজে ব্যবহৃত বড় আকারের ভারি লোহার পাতে তৈরি যন্ত্রাংশ পড়ে নিহত হয়েছেন ইমন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নির্মাণ কাজ চললেও তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। প্রায় সময়েই ছোটবড় দুর্ঘটনা ঘটছে বলেও দাবি তাদের।
প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির সাতরাস্তা থেকে হলি ফ্যামিলির মোড় পর্যন্ত অংশ ২৬ মার্চ খুলে দেয়ার কথা রয়েছে।
দ্বিতীয় ধাপে ফ্লাইওভারটির বাংলামটর-মৌচাক অংশ চলতি বছরের জুনে খুলে দেয়ার কথা রয়েছে।
মগবাজার-মৌচাক ফ্লাইওভারটি ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণের কথা ছিল। কিন্তু নকশা ত্রুটি বিতর্কে নির্মাণের সময় ২০১৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ গত ১৯ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মগবাজার–মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় ৭৭২ কোটি ৭০ লাখ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা করা হয়। এতে ব্যয় বাড়ে ৪৪৬ কোটি ২০ লাখ টাকা।
ফ্লাইওভার নির্মাণে বাংলাদেশ সরকার ৪৪২ কোটি ৭৩ লাখ এবং সৌদির উন্নয়ন তহবিল ও ওপেকের সহায়তা তহবিল থেকে ৭৭৩ কোটি ১৭ লাখ টাকা অর্থায়ন করছে।

No comments:

Post a Comment