Saturday, March 19, 2016

‘চিন্তা করবে, প্রশ্ন করবে’ -চট্টগ্রামে জামাল নজরুল কিশোর বিজ্ঞান সম্মেলনের জাফর ইকবাল

চট্টগ্রামের ডিসি হিলে বেলুন উড়িয়ে জামাল নজরুল কিশোর
বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। ছবি -প্রথম আলো
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করার ব্যাপারে মেয়েদের নিরুৎসাহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ে এসব বিভাগে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা কম থাকে। এই সংখ্যা সমান হতে হবে। যখন ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে, তখন দেশ নিয়ে দুশ্চিন্তা করার কিছু থাকবে না। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে ডিসি হিলে ‘জামাল নজরুল কিশোর বিজ্ঞান সম্মেলন’-এর উদ্বোধনী আয়োজনে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি বিশ্ববরেণ্য বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। গত বৃহস্পতিবার থেকে সম্মেলন শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল।
সম্মেলনে আসা শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমরা পড়ালেখা করবে। চিন্তা করবে। প্রশ্ন করবে। প্রশ্ন করা বন্ধ করবে না। তবে মুখস্থ করে মেধার ক্ষতি করবে না। তোমরা পড়ালেখা করলে দেশ এগিয়ে যাবে।’
জামাল নজরুল ইসলামের সহধর্মিণী সুরাইয়া ইসলাম তাঁদের সংসারজীবন নিয়ে স্মৃতিচারণা করে বলেন, তিনি (জামাল নজরুল ইসলাম) অসাধারণ মেধার অধিকারী ছিলেন। বিজ্ঞান, দর্শনসহ যেকোনো বিষয়ের প্রতিই তাঁর আগ্রহ ছিল।
প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের প্রচুর বই পড়তে দেন। তাদের আকাশ দেখার সুযোগ দেন। আবার তাদের শুধু বইয়ের মধ্যে আটকে রাখবেন না। তাদের সৃজনশীলতাকে নষ্ট করবেন না। দেখবেন তারাই একদিন বাংলাদেশকে রঙিন করে তুলবে।’
ফুলকির সভাপতি শামসুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক।
সম্মেলনে উদ্বোধনী সংগীত পরিবেশন করে ফুলকির শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে নিয়ে স্লাইড শো প্রদর্শন করা হয়।
সম্মেলনের শেষ দিন আজ শনিবার সকালে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment