Wednesday, March 2, 2016

সর্বোচ্চ সফলতায় সোনম

‘নিরজা’ ছবির মধ্য দিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা ও প্রশংসা তুলে নিয়েছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। ছবিটির মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। শুধু দর্শক নয়, বলিউড তারকাদের শুভেচ্ছা বন্যায় ভাসছেন সোনম। তার এ ছবিটি দেখে অমিতাভ বচ্চনের বাহবা কুড়ানো, আমির খানের অঝোরে কাঁদা, শাহরুখ ও সালমান খানের ভূয়সী প্রশংসা- একজন অভিনেত্রী হিসেবে আর কি লাগে! এ সবই ‘নিরজা’ ছবির মাধ্যমে পেয়েছেন সোনম। হাল সময়ের সেরা অভিনেত্রী হিসেবে সোনমকে আখ্যা দিয়েছেন খোদ কাজল ও অজয় দেবগন। ১৯শে ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ২০ কোটি বাজেটের এ ছবিটি এরই মধ্যে আয় করেছে ৭২ কোটি রুপি। রাম মাধবানি পরিচালিত এ ছবিটি সত্যিকার একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি। ১৯৮৬ সালে নিরজা বেনট নামের একজন ২২ বছর বয়সী এয়ারহোস্টেজ ছিনতাইয়ের কবলে পড়া বিমানের তিনশরও বেশি যাত্রীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এমনকি একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণও দিয়েছিলেন তিনি। সেই সাহসী ও মহৎ ঘটনাটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। নিরজা চরিত্রে অভিনয় করেছেন সোনম।
ছবিটি যারাই দেখেছেন আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি। ধারণা করা হচ্ছে এ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর তকমাটিও এবার জুড়বে সোনমের নামের পাশে।
তবে এ অভিনেত্রী এতসব বিষয় নিয়ে ভাবছেন না। দর্শক ভালোবাসায় সিক্ত তিনি। এ বিষয়ে সোনম বলেন, ‘নিরজা’ এখন পর্যন্ত আমার জীবনের সেরা ছবি। বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকদের যে ভালোবাসা ও শুভকামনা পেয়েছি এরপর আর কিছুই চাওয়ার নেই। সামনে এরকম ভালো ভালো কাজ উপহার দিতে চাই সবাইকে।

No comments:

Post a Comment