Wednesday, March 2, 2016

বেশিরভাগ দর্শক এখন হলে গিয়ে ছবি দেখেন না

চিত্রনায়িকা আঁচল বর্তমানে নতুন ছবির কাজে সিলেটে রয়েছেন। সেখানে তারেক শিকদারের ‘দাগ’ নামে একটি নতুন ছবির কাজ করছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি। অন্যদিকে, এ ছবিতে আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমও কাজ করছেন। এবারই প্রথম দুই বোনের চরিত্রে অভিনয় করছেন তারা। নতুন ছবি ‘দাগ’ এবং বর্তমান চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন আঁচল। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু
কোথায় এখন (সাক্ষাৎকার নেবার সময়)?
আমি ২৫শে ফেব্রুয়ারি থেকে সিলেটে। নতুন ছবি ‘দাগ’-এর শুটিং করছি। এখানে চা বাগানসহ বিভিন্ন লোকেশনে আমাদের ছবির শুটিং চলছে। রাত-দিন কাজ হচ্ছে এখানে। টানা কাজ করছি। ১০ই মার্চ পর্যন্ত এ ছবির কাজে এখানেই থাকতে হবে।
‘দাগ’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?
এ ছবিতে আমার চরিত্রের নাম নাবিলা। ভালোবাসার মানুষকে ঘিরে দুই সৎ বোনের কাহিনী রয়েছে এ ছবিতে। ছবিতে আমাকে একটু গুন্ডা প্রকৃতির মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে, এ ছবিতে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন মিম আপু। কাহিনীতে দেখা যাবে, মিম আপু শান্ত প্রকৃতির একটি মেয়ে। একই ছবিতে এক ফ্রেমে মিম আপুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ‘দাগ’ ছবির গল্প লিখেছেন কামাল আহমেদ আর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গীতিকার রফিকুজ্জামান। আর এ ছবিতে আমার ও মিম আপুর বিপরীতে কাজ করছেন নায়ক বাপ্পি।
ছবিতো অনেক হচ্ছে, ছবি প্রচারের জন্য কতটুকু এগিয়ে বাংলাদেশ?
একদমই না। ছবি শুরু করার আগে যে রকম সংবাদ বা প্রচারণা শুরু হয়। ছবি শেষ হবার পর বা মুক্তির আগে তেমন কোনো প্রচারণা করেন না প্রযোজকরা। তারা মনে করেন, দর্শক এমনিতেই আসবে সিনেমা হলে। এ ধারণার সম্পূর্ণ পরিবর্তন দরকার। এ চিন্তাধারা থাকলে চলচ্চিত্র কোনোভাবেই এগুবো না। ছবি নির্মাণের বাজেটের মতো প্রচার-প্রচারণা বা মার্কেটিংয়ের জন্য আলাদা বাজেট খুবই প্রয়োজন। মোটকথা, একটা ভালো ছবি নির্মাণ করে দর্শকের মাঝে আনতে হলে ছবির প্রচারণার জন্যও ভালো বাজেট খুবই জরুরী।
সামনে আপনার কি কি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে ?
সামনে শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ও হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ছবিগুলো মুক্তি পাবে। প্রত্যেকটি ছবির গল্প ও আমার চরিত্র আলাদা। বিশেষ করে শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী আমি। এ ছবিতে আমার নায়ক হিসেবে আছেন শাহরিয়াজ। আর ‘সুলতানা বিবিয়ানা’ ছবির কাজ একটু বাকি রয়েছে। হিমেল আশরাফের এ ছবিতে আমার চরিত্রের নাম সোনালি। গল্পের প্রয়োজনে এ ছবির কাজ করেছি যশোরের একটি গোলাপ ফুলের বাগানে। ছবিটিতে আমার নায়ক বাপ্পি।
আপনি তো অনেকদিন থেকে চলচ্চিত্রে। এখন দর্শকরা সেভাবে চলচ্চিত্র দেখছেন কি ?
একদমই না। চলচ্চিত্র দর্শকরা এখন হলে গিয়ে সেভাবে ছবি দেখছেন না। এইতো আমি সেদিন ছবি দেখার বিষয়ে সিলেটের দর্শকদের কাছে জানতে চাইলাম । তারা জানালেন, ডিভিডি ভাড়া করে বা পেনড্রাইভে করে এনে ঘরে বসে ছবি দেখেন তারা। বেশিরভাগ দর্শক এখন হলে গিয়ে ছবি দেখেন না। তাহলে বাংলা চলচ্চিত্র টিকে থাকবে কি করে? আমরা এত কষ্ট করে অভিনয় করছি কিসের জন্য? এই প্রশ্নগুলো প্রতিমুহূর্তে মনে আসছে আমার।
চলচ্চিত্র নিয়ে আপনার পরিকল্পনা কি ?
আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রে ছিলাম, আছি এবং থাকব। আমি আজীবন চলচ্চিত্রের মানুষ হিসেবে কাজ করে যেতে চাই। আর ভালো বাজেট, ছবির কাহিনী দেখে সামনের কাজগুলো করতে চাই। এমন কোনো কাজ আর করতে চাই না যেটা দেখার পর দর্শক চলচ্চিত্র থেকে মুখ ফেরাবে। এই তো।

No comments:

Post a Comment