Wednesday, March 23, 2016

আত্মহত্যা নয়, সিফাতকে তাকে হত্যা করা হয়েছে: তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় মহানগর মূখ্য আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে, সিফাত আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী চারজনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, নিহত সিফাতের স্বামী মো. আসিফ, সিফাতের শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী জানান, দীর্ঘদিন তদন্ত শেষে প্রমাণ মিলেছে সিফাত আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, সিফাতের লাশের প্রথম ময়নাতন্তকারী চিকিৎসক আত্মহত্যার ভুল প্রতিবেদন দিয়েছিলেন, তাই অভিযোগপত্রে ওই চিকিৎসকের নামও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ওয়াহিদা সিফাত রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেন তিনি। এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় মামলা করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০ ধারায় যৌতুকের দাবিতে হত্যা ও সহায়তা করার অপরাধে দায়ের করা এই মামলায় সিফাতের স্বামী আসিফসহ তিনজনকে আসামি করা হয়। রাজপাড়া থানা পুলিশ মামলাটি তদন্তে সফল না হওয়ায় মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। সেখানেও মামলার অগ্রগতি না হওয়ায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

No comments:

Post a Comment