Monday, March 28, 2016

দুই কাণ্ডের মাধ্যমে মানুষের টাকা লুট করেছে তৃণমূল: মোদি

নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সারদাকাণ্ড-নারদ কাণ্ডের মাধ্যমে মানুষের টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। ৩৪ বছরে বামফ্রন্ট যেভাবে বাংলাকে ডুবিয়ে গেছে, পাঁচ বছরে সেইভাবেই ডুবিয়েছে তৃণমূল কংগ্রেসও।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপি আয়োজিত জনসভায় এ কথা বলেন মোদি। তিনি বলেন, এক সময় এই বাংলা ছিল দেশের চালিকাশক্তি। আজ নেই। ৩৪ বছরে পশ্চিমবঙ্গে যে সর্বনাশ হয়নি, গত পাঁচ বছরে তা হয়েছে। এই পাঁচ বছরে মানুষের স্বপ্ন ভেঙে গেছে। মানুষের মোহভঙ্গ হয়েছে। স্বপ্ন চুরমার হয়েছে। বাংলার মানুষতো এই পরিবর্তন চায়নি। তবে পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের। মমতার মনোভাব এখন শাহেনশাহর মতো।
মোদি বলেন, মুখে যারা মা-মাটি-মানুষের সরকারের কথা বলে, তারাই মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন তৃণমূলের নেতারা—এই পরিবর্তন কি চেয়েছিল বাংলার মানুষ? রাজ্যের শিল্প প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই রাজ্যের শিল্পের কোমর ভেঙে দিয়েছিল বাম সরকার আর শিল্পকে এখন সমাধিতে পাঠিয়ে দিয়েছে এই সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সারদা থেকে নারদ কাণ্ড মানুষের টাকা লুট করেছে এই সরকার। আজ রাজ্যের সবকিছু শেষ হয়ে গেছে। শিল্প হয়নি। এই রাজ্যে বোমা তৈরির কারখানা হয়েছে। ক্ষমতার লোভে এরা জোট করেছে। তিনি বলেন, সর্বনাশের এমন নজির আর কোনো রাজ্যে নেই।
মোদি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিজের প্রকল্প হিসাবে চালাচ্ছে এই সরকার। এই রাজ্যের গরিব মানুষের জন্য চাল দিচ্ছে কেন্দ্র, তা রাজ্য সরকারের বলে প্রচার চালায় এই সরকার। মোদি শাসক দল তৃণমূল এবং বাম-কংগ্রেস জোটের তীব্র সমালোচনা করে বলেন, এই রাজ্যে নতুন দিশা দেবে বিজেপি। ৪০ বছর চলে গেছে। এবার বিজেপিকে একটা সুযোগ দিন নতুন বাংলা গড়ার জন্য।
প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য শুরু করেন এভাবে, ‘আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি প্রথমবার খড়গপুর এসেছি। আর আপনাদের ভালোবাসাতে আমার খুব ভালো লেগেছে।’
এই জনসভায় সভাপতিত্ব করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মোদি।

No comments:

Post a Comment