Monday, March 28, 2016

পালমিরা ‘পুনর্দখল’ সিরিয়ার সরকারি বাহিনীর

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে প্রাচীন শহর পালমিরা পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠী এমনটাই জানিয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রুশ বিমান হামলার সমর্থন নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী কয়েক দিন ধরে পালমিরার দিকে অগ্রসর হচ্ছিল। সিরিয়ার সরকারি বাহিনী গত বৃহস্পতিবার সেখানে ঢুকে পড়ে বলে খবর বের হয়। এখন পালমিরার পুরো নিয়ন্ত্রণ দেশটির সেনাবাহিনীর হাতে বলে সামরিক সূত্রের ভাষ্য। ‘মরুর মুক্তা’ হিসেবে পরিচিত পালমিরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। পালমিরা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০১৫ সালের মে মাসে পালমিরা দখল করে আইএস। তারা সেখানকার বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মন্দিরসহ অনেক স্থাপনা ধ্বংস করে।
গতকাল শনিবার সিরিয়ার সেনাবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা যায়, পালমিরায় আইএসের অবস্থানে হেলিকপ্টার ও ট্যাংক গোলা ছুড়ছে। তবে ওই ছবিগুলো কবে তোলা, তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শহরের পূর্বাংশে এখনো গোলাগুলি চলছে। তবে পালমিরা থেকে আইএস যোদ্ধাদের বৃহৎ অংশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা আইএসের ১৫৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী পালমিরা পুনর্দখল করতে পারলে তা তাঁর সরকারের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত জয়ের পাশাপাশি প্রতীকী বিজয়ও হবে।

No comments:

Post a Comment