Sunday, March 27, 2016

সোহাগী হত্যার প্রতিবাদ লন্ডনেও

যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন
‘গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স’সোহাগী জাহান (তনু)
হত্যার বিচার চেয়ে প্রতিবাদ সভা করেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ক্ষোভ ছড়িয়েছে লন্ডনেও। সোহাগী হত্যার বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছে যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় সোহাগী হত্যার প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন ‘গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স’। সভায় বক্তারা বলেন, পাঁচ দিন পার হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারী যত প্রভাবশালীই হোক তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার নারী, সরকারের প্রধান প্রতিপক্ষ দলের নেতাও নারী, সে দেশে সোহাগী হত্যার বিচারের জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। দ্রুত সোহাগী হত্যার রহস্য উন্মোচন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তাঁরা। সভায় গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের পক্ষ থেকে সোহাগীর পরিবারকে প্রয়োজনীয় সব সাহায্য দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ‘গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্স’ এর সভাপতি সাইফুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নুরুল আলম, লেয়াকত আলী, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, শারমিন আলম চৌধুরী, ফাতেমা নারগিস, অঞ্জনা আলম, মোতাহের হোসেন লিটন, নাজরাতুন নাঈম, সাবিরা লুনা প্রমুখ।

No comments:

Post a Comment