Sunday, March 20, 2016

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন নিহত

রাশিয়ার রস্তোভ অন দন বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের বিধ্বস্ত
বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন তদন্ত কর্মকর্তারা। -রয়টার্স
রাশিয়ার দক্ষিণ প্রান্তের রস্তোভ অন দন শহরে গতকাল শনিবার সকালে ফ্লাইদুবাই এয়ারলাইনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। উড়োজাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে স্থানীয় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। মুহূর্তে এটি আগুনের গোলায় পরিণত হয়। প্রাথমিকভাবে এ ঘটনার কারণ হিসেবে আবহাওয়া ছাড়া সন্ত্রাস বা অন্য কোনো বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সাশ্রয়ী এয়ারলাইন ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি দুবাই থেকে রাশিয়ার রস্তোভ অন দন শহরে যাচ্ছিল। শহরটি মস্কো থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিমানটিতে ৫৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪৪ জন রুশ, ৮ জন ইউক্রেনীয়, ২ জন ভারতীয় এবং ১ জন উজবেকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে ৩৩ জন নারী ও ৪টি শিশু।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত রুশ তদন্ত দল জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমানটি প্রথম দফায় অবতরণের চেষ্টা করে খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয়। দুই ঘণ্টা সেটি বিমানবন্দরের ওপরে আকাশে ঘোরে। পরে দ্বিতীয় দফায় অবতরণের চেষ্টা করে এটি রানওয়ের বাইরে ছিটকে পড়ে।
রাশিয়ার সংবাদমাধ্যম লাইফনিউজের খবরে জানা যায়, বিমানটি রানওয়ে থেকে কয়েক শ মিটার দূরে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, অবতরণের সময় আকাশযানটিতে আগুন ধরে যায়। সেটি আগুনের গোলায় পরিণত হয় এবং ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দুর্ঘটনার স্থানে অনেক জায়গাজুড়ে আগুন দেখা গেছে।
দুর্ঘটনার পরপর বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কারণে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ বিলম্বিত হয়। অন্য ফ্লাইটগুলোকে ৩০০ কিলোমিটার দক্ষিণের ক্রাসনোদার বিমানবন্দরে অবতরণের জন্য বলা হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি-বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় জানায়, দুর্ঘটনার পর প্রায় ৭০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান। আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার বেশি সময় লাগে। তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে বিমানের পাইলটসহ ক্রু সদস্যদের ভুল, যান্ত্রিক সমস্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়কে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ আগেই এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment