Monday, March 28, 2016

কৃষিমন্ত্রীর সংবাদ সম্মেলন- আউশ চাষে প্রণোদনা পাচ্ছেন সোয়া দুই লাখের বেশি কৃষক

মতিয়া চৌধুরী l
আউশ ধান আবাদের জন্য সোয়া দুই লাখের বেশি প্রান্তিক চাষিকে সাড়ে ৩৩ কোটি টাকার প্রণোদনা-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই ঘোষণা দেন।
কৃষিমন্ত্রী বলেন, ৪৯টি জেলার ২ লাখ ৩১ হাজার ৩৬৩ জন চাষি এক বিঘা জমির জন্য এই প্রণোদনা পাবেন। এ জন্য মোট ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ১ হাজার ৩৬৩ জনকে উফশী (উচ্চফলনশীল) জাতের আউশ এবং ৩০ হাজার কৃষককে নেরিকা জাতের আউশ চাষের জন্য এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এটি গতকাল থেকে ছাড় করা শুরু হয়েছে। উফশী আউশ চাষে কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং সেচ বাবদ ৪০০ টাকা করে পাবেন। আর নেরিকা জাতের ধান যেসব কৃষক চাষ করবেন, তাঁরা ১০ কেজি নেরিকা ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ ও আগাছা দমন বাবদ ৪০০ করে মোট ৮০০ টাকা পাবেন।
কৃষিমন্ত্রী বলেন, সেচের সুব্যবস্থা নেই—আউশনির্ভর এমন জেলাগুলোতে এই ধানের বিভিন্ন জাত জনপ্রিয় করার লক্ষ্যে প্রণোদনা দেওয়া হচ্ছে। দেশের উত্তর, মধ্য ও বরিশাল অঞ্চলের অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে এই জাত বেশি উপযোগী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের কৃষকদের কমিটি আছে ও তাঁদের কার্ডও রয়েছে। ওই কার্ড দেখেই কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। এর জন্য আলাদা বরাদ্দের প্রয়োজন হবে না, মন্ত্রণালয়ের বাজেট থেকেই সংস্থান হবে। এবারই প্রথম বিকাশের মাধ্যমে কার্ডধারী ওই সব কৃষকের কাছে প্রণোদনার টাকা পাঠানো হবে। গত বছর আউশ মৌসুমে ২ লাখ ১০ হাজার কৃষককে ৩০ কোটি ২১ লাখ টাকা প্রণোদনা দিয়েছিল সরকার।
সংবাদ সম্মেলনে কৃষিসচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment