![]() |
| ওবায়দুল কাদের |
সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী এপ্রিল মাসের শেষের
দিকে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই
নির্মাণকাজের উদ্বোধন করবেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেল
প্রকল্পের ডিপো নির্মাণে (প্যাকেজ-১) ঠিকাদারের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে
ওবায়দুল কাদের এসব কথা বলেন। উত্তরা তৃতীয় পর্বে মেট্রোরেলের ডিপো হবে। ৫৬৭
কোটি টাকায় মেট্রোরেলের ডিপো নির্মাণকাজ পেয়েছে টোকিও কনস্ট্রাকশন
কোম্পানি লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিরোসি আসাকামি ও ঢাকা
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসাইন
নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় মাটি ভরাট, ভূমি উন্নয়ন,
মেট্রোরেল রাখার ডিপো নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারকে ২৫
মাসের মধ্যে কাজ শেষ করার শর্ত দেওয়া হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
একাব্বর হোসেন, সদস্য নাজমুল হক প্রধান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব
এম এ এন ছিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে,
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতেইদা,
ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক
কায়কোবাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে
মেট্রোরেলের পথ যাওয়ার বিষয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দ ও কম্পন নিরোধক সর্বাধুনিক প্রযুক্তি
ব্যবহার করা হবে। এতে শব্দ মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। ওই এলাকায়
এখন যে পরিমাণে শব্দ হয়, মেট্রোরেল চালু হলে তার চেয়ে বাড়বে না।

No comments:
Post a Comment