Saturday, March 5, 2016

পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিলেন উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশটির পারমাণবিক অস্ত্র ‘যেকোনো সময়’ ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হবে। দেশটির সামরিক বাহিনীর একটি মহড়া পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি। খবর বিবিসির।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, উন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে ওই নির্দেশ দেন। একই মহড়া থেকে সাগরে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া সম্প্রতি তার চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এবং স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। এরপর জাতিসংঘ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে বেশ কিছু কঠোর অবরোধ আরোপ করে। এরই জবাবে দেশটি বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র ছোড়ে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, সামরিক মহড়া পরিদর্শনকালে দেওয়া ভাষণে উত্তর কোরীয় নেতা কিম জং উন আক্রান্ত হওয়ার আগেই আঘাত হানার জন্য দেশের সামরিক বাহিনী বিন্যস্ত করে নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘যেকোনো মুহূর্তে আমাদের পারমাণবিক ওয়্যারহেড নিক্ষেপের জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’ কারণ, শত্রুরা দেশের অস্তিত্বের প্রতি হুমকি দিয়ে চলছে। তিনি আরও বলেন, ‘চরম সময়ে যখন আমেরিকানরা...অন্য দেশগুলো আমাদের জনগণের জন্য যুদ্ধ ও বিপর্যয় ডেকে আনছে, তখন সার্বভৌমত্ব রক্ষার একমাত্র উপায়ই হলো—আমাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানো।’
উত্তর কোরিয়া এমন ঘোষণা দিলেও দেশটির পারমাণবিক কর্মসূচি কতটা উন্নত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

No comments:

Post a Comment