Saturday, March 26, 2016

সোহাগী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান (তনু)
হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং
নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন করে
যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চ ছবি -প্রথম আলো
পাঁচ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা ধরে পড়েনি। অপরাধীরা যত শক্তিশালীই হোক, রাষ্ট্রের দায়িত্ব তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে তিনটায় যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক স্বাক্ষর শুভ। বক্তব্য দেন নুরুন্নাহার, ইকরামুন নেছা, ফরহাদ জামান, শওকত আলী, রাহুল দত্ত প্রমুখ।
এই হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকার সমালোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, দিনাজপুরে ইয়াসমিন হত্যা ও ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ সোচ্চার ছিল। তখন আওয়ামী লীগ আন্দোলন করে তৎকালীন বিএনপি সরকারের মসনদ নাড়িয়ে দিয়েছিল। এর ফলে ধর্ষণকারী পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছিল। অথচ তনুর ব্যাপারে সরকার এখন নীরব।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান
(তনু) হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেলে
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় প্রথম আলো
বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন করা হয় -প্রথম আলো
তনু হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাব এলাকায় ছাত্র ফেডারেশনের উদ্যোগেও বিকেলে পৃথক মানববন্ধন করা হয়।
নগরের প্রবর্তক মোড়ে বিকেল চারটায় প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান মাহফুজুর রহমান। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, ছড়াকার মোদাচ্ছের আলী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিকা সুলতানা, চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি ফাহিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব জিশান, প্রচার সম্পাদক জাকিয়া কবির ও যোগাযোগবিষয়ক সম্পাদক মিনহাজ হোসাইন।
মাহফুজুর রহমান বলেন, ‘সেনানিবাসের সুরক্ষিত এলাকায় তনু হত্যার ঘটনা আমাদের শঙ্কিত করেছে। এভাবে চলতে থাকলে যে চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা ধূলিসাৎ হয়ে যাবে।’
মুক্তিযোদ্ধা সিরু বাঙালি বলেন, ‘ধর্ষণের পর তারা শুধু তনুকে হত্যা করেনি, হত্যা করেছে আমাদের বিবেককে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’ ছড়াকার মোদাচ্ছের আলী বলেন, দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সম্ভব না হলে স্বাধীনতার আনন্দ ম্লান হয়ে যাবে।
শিক্ষক সাদিকা সুলতানা বলেন, ‘আমরা নারী হয়ে বাঁচতে চাই না, মানুষ হিসেবে বাঁচতে চাই। প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা চাই। প্রশাসন ব্যর্থতার পরিচয় দিলে অদূর ভবিষ্যতে নারীদের অগ্রযাত্রা বিঘ্নিত হতে পারে।’
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য দেন চট্টগ্রামের সামাজিক সংগঠন স্রোতের শুভাশীষ পাল, প্রমা আবৃত্তি সংগঠনের রুনা চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও আবৃত্তি সংগঠনের কর্মীরা।

No comments:

Post a Comment