Wednesday, March 30, 2016

লজ্জায় অর্থ ফেরত দেবে ফেড

আজমালুল হোসেন
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা ফেড লজ্জায় হলেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিরিয়ে দেবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন এই আইনজীবী। তাই রিজার্ভের অর্থ চুরির বিষয়ে আইনগত অগ্রগতি জানতে গতকাল মঙ্গলবার সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চাইলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গতকাল দুপুরে হাইকোর্টে নিজের কার্যালয়ে তিনি এ কথা বলেন। আজমালুল হোসেন কিউসি বলেন, ‘সারা বিশ্বে ফেডের বিরাট সুনাম রয়েছে। তাই মনে হয় অর্থ উদ্ধারে তাদের বিরুদ্ধে মামলা করা লাগবে না। এমনিতেই অর্থ ফেরত দেওয়া উচিত বলে মনে করি আমি।’ কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের এই আইনি পরামর্শক বলেন, ‘চুক্তি অনুসারে শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ফেড বাংলাদেশের সঞ্চিত অর্থ স্থানান্তর করতে পারে। নির্দেশনা দিয়েছে চোর। সেই অনুযায়ী কাজ করলে আমরা তো চাইলে বলতেই পারি তুমি আমার নির্দেশনা অনুযায়ী কাজ করোনি। আমাদের টাকা ফেরত দাও।’ যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে মামলা ছাড়া অর্থ ফেরত পাওয়ার ধারণার যুক্তি হিসেবে আজমালুল হোসেন কিউসি বলেন, তাদের বিশাল সুনাম রয়েছে। এখন সবাই যদি মনে করে নিরাপদ না, তাহলে তাদের অর্থ উঠিয়ে নিয়ে যাবে। তখন তারা ব্যবসা করতে পারবে না। ফেডারেল রিজার্ভকে নিরাপদ স্থান ভাবা হলেও দেখা যাচ্ছে বাংলাদেশের টাকা লোপাট হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা না দেওয়া সত্ত্বেও টাকা চলে গেছে। এ ক্ষেত্রে চুক্তি ভঙ্গ হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই আইনজীবী। এ ছাড়া সিস্টেমের কোনো ঘাটতি আছে কি না সেটিও দেখা হচ্ছে। কিছু কিছু সিস্টেমে ঘাটতি আছে। এ প্রসঙ্গে আজমালুল হোসেন কিউসি বলেন, ফেডারেল রিজার্ভ যে নির্দেশনাগুলোর ওপর অ্যাক্ট বা সাড়া দিয়েছে, সেগুলোর কয়েকটা মনে করেছে জেনুইন বা আসল না। বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা পাওয়ার আগেই তারা পেমেন্ট বা অর্থ ছাড় করল। আরেকটি বিষয় আছে, বেআইনিভাবে যদি কোনো অর্থ বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে চলে যায়, সেগুলো রিকল বা ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ ব্যাংক অনেক অভিযোগ করেছে, ই-মেইল করেছে, চিঠি দিয়েছে তাদের কাছে। সুইফট মেসেজও দিয়েছে। সেগুলোর কোনো উত্তর আসেনি। সব তথ্য পাওয়ার পর ফেডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক মামলা করবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আজমালুল হোসেন।

No comments:

Post a Comment