দেশে
এখন লুটেরাদের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য
ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল
ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের প্রাপ্তির খাতায়
হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, বেড রুমে সাগর-রুনি হত্যা হয়েছে।
কুমিল্লায় মেধাবী ছাত্রী তনুকে ধর্ষণ করে হত্যা করেছে আর সাধারণ মানুষের
ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। তিনি বলেন, যে সরকার রাজকোষ রক্ষা করতে
পারে না তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। কোনভাবেই ব্যাংকের অসৎ কিছু
কর্মকর্তার যোগসাজশ ছাড়া রাজকোষ খালি করতে কেউ পারে না। দেশে এখন
লুটেরাদের রাজত্ব চলছে মন্তব্য করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারা
বিনাভোটে এমপি থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে গদিতে বসতে
চায়। বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখিনি ইউনিয়ন
নির্বাচনে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হতে। এই সরকার সেই তকমাও জাতিকে
দেখালো। বিএনপির সদ্য পূর্ণ মহাসচিবের দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম
আলমগীরকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে
মুহূর্তে আমরা প্রাপ্তি ও প্রত্যাশার কথা বলছি ঠিক সেই মুহূর্তে মির্জা
আলমগীরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দেশের সর্ববৃহৎ দলের
মহাসচিবকে এভাবে কারাগারে রেখে সরকার কখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে
না। এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে আলোচনা
সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান
ফরহাদ, ডিএলএ’র মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ বক্তব্য রাখেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment