যুক্তরাষ্ট্রের
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড
ট্রাম্প এবার শিক্ষার্থীদের উপদেশ দিলেন। কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে
তিনি বলেন, ‘তোমরা সব সময় ব্যর্থ লোকজনের আশপাশে থাকবে। ব্যর্থ লোকজন
তোমাকে সম্মান করবে, তোমার কথা শুনবে।’ গতকাল বুধবার দলীয় বাছাইপর্বের
প্রচার-প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প উইসকনসিনে অঙ্গরাজ্য ঘুরে বেড়ান। এর
ফাঁকে অঙ্গরাজ্যের সেন্ট নরভার্ট কলেজের একদল শিক্ষার্থীদের উদ্দেশে
বক্তব্য দেন তিনি। ট্রাম্প বলেন, জীবনে সাফল্যের জন্য ভাগ্যের একটি বড়
ভূমিকা রয়েছে। নিজের বন্ধুর উদাহরণ টেনে ট্রাম্প বলেন, বন্ধুটি চৌকস ও
মেধাবী। ভালো স্কুলে লেখাপড়া করেছে। কিন্তু তাঁর জীবনে কেবলই দুর্ভাগ্য
তাড়া করেছে। এতে বন্ধুটি আর জীবনে সফল হতে পারেনি। শিক্ষার্থীদের উদ্দেশে
ট্রাম্প বলেন, ‘তুমি যখন সফল হবে, তখন তোমার পছন্দের শীর্ষে থাকবে ব্যর্থ
লোকজন। ব্যর্থদের টেবিলে গিয়ে চমৎকার সব কথা বলবে। ব্যর্থরা তা মনোযোগ দিয়ে
শুনবে।’ উপদেশটি যৌক্তিক মনে হচ্ছে কি না—এমন প্রশ্ন করে ট্রাম্প বলেন,
‘সব সময় ব্যর্থদের আশপাশে থাকবে। ব্যর্থরা তোমাকে সম্মান করবে।’ ট্রাম্প
তাঁর উপদেশের পক্ষে দীর্ঘ ফিরিস্তি দেন। তিনি বলেন, অর্থনৈতিক সাফল্যকেই
অধিকাংশ মানুষ জীবনের সফলতা মনে করে। কিন্তু ধারণাটি ভুল। রিপাবলিকান এই
মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘আমি মনে করি, পরিবারের প্রতি, সন্তানদের প্রতি
ভালোবাসা সফলতার জন্য জরুরি।’ স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখী পরিবারের
মানুষজনই জীবনে বেশি সফল বলে মনে করেন ট্রাম্প। অবশ্য বক্তব্যের শেষ দিকে
ট্রাম্প উল্লেখ করেন, অর্থনৈতিক সফলতা জীবনকে সহজ করে তোলে। অর্থ থাকলে
খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা নিয়ে ভাবতে হয় না। ট্রাম্প নানা
বক্তৃতা-বিবৃতির মাধ্যমে মার্কিন গণমাধ্যম গরম করে রেখেছেন। নারী
সাংবাদিকের ওপর চড়াও হওয়ার কারণে তাঁর প্রচারপ্রধানের পদত্যাগের দাবি উড়িয়ে
দিয়েছেন তিনি। ওই ঘটনায় ট্রাম্পের প্রচারপ্রধানের বিরুদ্ধে পুলিশি মামলা
হয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গর্ভপাতের জন্য নারীদের দণ্ডের পক্ষে
তিনি। গর্ভপাতের মতো স্পর্শকাতর বিষয়ে ট্রাম্পের ওই বক্তব্যে তীব্র
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্প জেনেভা কনভেনশনকে ‘যত সব অকাজের কাজ’
বলে উল্লেখ করেছেন। জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোকে
যুদ্ধ, সংঘাত ও সংঘর্ষের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। টেলিভিশনে
দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করলেই মুসলমানেরা
সম্ভবত আইএসের বিরুদ্ধে লড়াই করবে। মুসলমানদের হয়তো ভাবতে হবে, আমেরিকায়
যাওয়ার আগে আইএস সমস্যার সমাধান করতে হবে। উইসকনসিনে আগামী সপ্তাহে দলীয়
বাছাইপর্বের নির্বাচন। সবশেষ জনমত জরিপে সেখানে ট্রাম্প পিছিয়ে আছেন।
জনপ্রিয়তায় সিনেটর ট্রেড ক্রুজ অন্তত ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন।
বাছাইপর্বে এগিয়ে থাকা ট্রাম্প ইতিমধ্যে রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক
বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তাঁর ভবিষ্যৎ নিয়ে দলের ভেতরে নানা আলোচনা হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment