Sunday, March 20, 2016

তিতাসের এমডিকে অব্যাহতি

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, অব্যাহতির ব্যাপারে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নওশাদ ইসলামকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ সেভাবে উল্লেখ করা হয়নি।
অবশ্য অন্য একটি সূত্র জানিয়েছে, রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি বাসা বিধ্বস্ত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তিতাসের এমডিকে অব্যাহতি দেওয়া হলো।
প্রসঙ্গত, ১৮ মার্চ গ্যাস বিস্ফোরণে বনানীর ওই বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসের লাইনে ফুটো থাকা ও সেখান থেকে গ্যাস বের হওয়ার কথা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ওই বাড়ির মালিক তিন দফা অভিযোগ জানান। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া ওই গ্যাস বিস্ফোরণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে। ভবনটির মালিকের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যে তিতাসের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

No comments:

Post a Comment