Monday, March 14, 2016

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার তুর্কি প্রেসিডেন্টের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এএফপি
তুরস্কে গাড়িবোমা হামলায় হতাহতের ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সন্ত্রাসবাদকে নতজানু করার অঙ্গীকার করেছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার দেশটির রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১২৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সরকারি সূত্রগুলো হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্দেহ করছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা বলেছেন, হামলার ঘটনায় তদন্তকাজ আজ শেষ হবে। এরপর দায়ী ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে।
হামলার পরিপ্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আত্মঘাতী গাড়িবোমা হামলা তাঁর দেশের নিরাপত্তা বাহিনীর সংকল্পকেই কেবল শক্তিশালী করবে।
এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে হামলার লক্ষ্যবস্তু করছে। কারণ, তারা তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে পরাজিত হচ্ছে।
জাতীয় ঐক্যের ডাক দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে হামলা ঠেকাতে তুরস্ক তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
এরদোয়ান বলেন, ‘আমাদের জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিশ্চিতভাবে জয়ের মধ্য দিয়ে শেষ হবে। সন্ত্রাসবাদকে নতজানু করা হবে।’
হামলার পর তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু তাঁর পূর্বনির্ধারিত জর্ডান সফর স্থগিত করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।
হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

No comments:

Post a Comment